বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা মৃত কৃষ্ণ দাস রায়ের পুত্র সিদ্ধার্থ রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় তিনি বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিদ্ধার্থ রায় অভিযোগ করেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। তার প্রতিবেশী পরিতোষ রায় (মৃত হরে কৃষ্ণ রায়ের পুত্র) ও দীপঙ্কর রায় (মৃত অভিজিৎ রায়ের পুত্র) সংঘবদ্ধভাবে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ তার জমিতে জোরপূর্বক অনধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করে। দখলকারিরা জমির ঘেরাবেড়া ভেঙে ফেলে এবং তাকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও তিনি কোনো সন্তোষজনক সমাধান বা সঠিক বিচার পায়নি বলে জানান। এঘটনায় ভুক্তভোগী বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সঠিক নেয় বিচারের দাবি জানান কতৃপক্ষের নিকট।