মোঃ আইনুল ইসলাম
বিভাগীয় সম্পাদক,
দুর্নীতি তালাশ নিউজ টিভি।
দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত ঈদুল আযহার প্রধান জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ পরিবেশ ও লাখো মুসল্লীর অংশগ্রহণে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল সাড়ে ৮টায় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই ঈদগাহ মাঠে ঈদের জামাত সম্পন্ন হয়।
ঈদের নামাজকে কেন্দ্র করে ভোর থেকেই দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে মুসল্লীরা মাঠে সমবেত হতে থাকেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ঈদগাহ মাঠ পরিণত হয় এক বিশাল ঈমানী জনসমুদ্রে। তাকবির ধ্বনি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রধান জামাতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।
ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা দায়রা জর্জ, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, কেন্দ্রীয় তাঁতী দল ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ।
ঈদ জামাতকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠের প্রবেশপথে বসানো হয় মেটাল ডিটেক্টর। পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশ এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। মুসল্লীদের যাতায়াত ও পার্কিং সুবিধার জন্যও নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
প্রায় সাড়ে ২২ একর আয়তনের গোর-এ-শহীদ বড় ময়দান দেশের বৃহত্তম ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত। এই মাঠের বিশাল এলাকাজুড়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মুসল্লীদের প্রবেশ ও বাহির হওয়ার জন্য নির্মাণ করা হয় ১৯টি গেট। মাঠজুড়ে পরিচ্ছন্নতা, কাতারের দাগ টানা, অস্থায়ী টয়লেট ও ওজুখানার সুব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন এই ঈদগাহ মাঠের প্রধান গম্বুজ বা মেহরাবের উচ্চতা ৪৭ ফুট এবং দৈর্ঘ্য ৫১৬ ফুট। এতে নির্মিত হয়েছে ৩২টি আর্চ। আলোকসজ্জায় সজ্জিত বিশাল এই স্থাপনা ঈদের দিন এক অনন্য সৌন্দর্যে রূপ নেয়।
২০১৭ সাল থেকে বৃহৎ পরিসরে গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লী ও সংশ্লিষ্টরা।