নরসিংদী প্রতিনিধি:
বিদেশের মাটিতে অসাধারণ শিক্ষাগত সাফল্য অর্জন করে নরসিংদীর মাধবদীর সন্তান মাহিবাহ নূর আবারও প্রমাণ করলো—বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বমঞ্চেও মেধার স্বাক্ষর রাখতে সক্ষম। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্বনামধন্য পিঙ্কনিভিল মিডল স্কুলে (Pinckneyville Middle School) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সব বিষয়ে সর্বোচ্চ ‘এ’ গ্রেড অর্জন করে সে পেয়েছে মর্যাদাপূর্ণ ‘অল-এ অনার রোল’ (All As Honor Roll) সম্মাননা।
যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় এ স্বীকৃতি অত্যন্ত সম্মানজনক হিসেবে বিবেচিত হয়। শুধুমাত্র ধারাবাহিকভাবে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরই এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে। মাহিবাহর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে।
মাহিবাহ নূরের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া গ্রামে। তার বাবা অধ্যাপক ডা. এ.বি.এম মাহাবুব রহমান দেশের চিকিৎসা অঙ্গনের সুপরিচিত নাম। তিনি বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবার পাশাপাশি একজন অভিজ্ঞ অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবেও তার ব্যাপক সুনাম রয়েছে।
বর্তমানে কর্মসূত্রে বাংলাদেশে অবস্থান করছেন অধ্যাপক ডা. মাহাবুব রহমান। অন্যদিকে তার পরিবার বসবাস করছে যুক্তরাষ্ট্রে। মেয়ের এমন অনন্য সাফল্যে তিনি আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিবাহর সম্মাননার সনদ শেয়ার করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
স্বজনরা জানান, বিদেশে বেড়ে উঠলেও মাহিবাহ নূর পারিবারিক শিক্ষা, নৈতিকতা ও নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। তার এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, নরসিংদী তথা দেশের জন্যও গর্বের বিষয়।
এদিকে অধ্যাপক ডা. মাহাবুব রহমান তার পিতার প্রতিষ্ঠিত ‘জামিয়া মুহাম্মাদিয়া ও এতিমখানা চরভাসানিয়া’ মাদরাসার মোতাওয়াল্লি হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা বিস্তার, সমাজসেবা ও দ্বীনি কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।