যশোরে অস্ত্রসহ যুবক আটক, নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে ঘটনাটি ‘সাজানো’ বলে অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের সন্ধানী সুপার মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মার্কেটের ‘তন্বী ইলেকট্রনিকস’ নামের একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে দোকান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দোকানের মালিক আলী হোসেনকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।
ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, এসআই অলোক কুমারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, আটক আলী হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন স্থানীয় মোবাইল ব্যবসায়ী সমিতির নেতারাও। তারা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান।
ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে দোকানে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর ব্যাগটি রেখে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যান। এরপর অল্প সময়ের মধ্যেই ডিবি পুলিশ এসে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে। তাদের দাবি, পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হতে পারে।
এ বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করে পুলিশ সুপার প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন।