দিনাজপুরের ঘোড়াঘাটে গরু চুরির চক্রের মূলহোতাসহ ৫ জন গ্রেফতার  

মোঃ জিয়াউর রহমান

বিভাগীয় সম্পাদক রংপুর

দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গরু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি চুরি করা গরু বিক্রির টাকা দিয়ে মোটরসাইকেল কেনার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে ঘোড়াঘাট থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ। এর আগে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন

ঘোড়াঘাটের সিংড়া দক্ষিণ পাড়ার কাওসার ইসলাম (৩০),

কশিগাড়ি মধ্যপাড়ার মাহমুদুল হাসান মুন্না (২৮),

শেখালীপাড়ার পিকআপচালক সুভেল মিয়া (৩০),

দক্ষিণ দেবীপুরের আল রাহিদ আপন (২৫) এবং

বেলওয়া নয়ন দীঘির ফাহিম ইসলাম (২৫)।

পুলিশ জানায়, গত শনিবার দিবাগত গভীর রাতে ঘোড়াঘাটের নূরপুর এলাকায় মাহবুবুর আলম শিপনের বাড়ির গোয়ালঘর থেকে একটি শাহিওয়াল ও একটি ফ্রিজিয়ান জাতের বকনা গরু চুরি হয়। পরে চোরেরা গরুগুলো গোপনে বিক্রি করে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম ও এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ অর্থ ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আরও জানা গেছে, চক্রের মূলহোতা কাওসার ইসলাম চুরি করা অর্থ দিয়ে মোটরসাইকেল কেনার পরিকল্পনা করেছিলেন।

পুলিশ আরও জানায়, কাওসার ইসলামের বিরুদ্ধে এর আগেও রংপুরের পীরগঞ্জে দস্যুতা এবং ঘোড়াঘাট থানায় ট্রান্সফরমার চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *