
তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি
চুরির অভিযোগ তুলে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা
করার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মো. তুষার (১৮) কাজলা বিলপাড়া এলাকার বাসিন্দা।
ভাইরাল হওয়া প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে দুই যুবক লাঠি দিয়ে মারধর করছেন। ভিডিও ধারণের সময় একজনকে বলতে শোনা যায়, “শুরু করেছি।” এরপরই শুরু হয় নির্যাতন।
ভিডিওতে তুষারকে বারবার আঘাত করতে দেখা যায়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।” তবে এরপরও থামেনি হামলাকারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির। তিনি জানান, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগকে কেন্দ্র করেই তাকে মারধর করা হয়।
ওসি বলেন, অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ।
তিনি আরও জানান, ভুক্তভোগী চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply