

রুবেল আহমদ, জৈন্তাপুর প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক), জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির নেতা গিয়াস উদ্দিন আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসক জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল আহমদ, সহ-সভাপতি আলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কারী হোসেন, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক কাউছার আহমদসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারা সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও সবার। তারা সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
পরে কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।