দশ মিনিটের বৃষ্টিতেই হাঁটুপানি, দুর্ভোগে ইসলামপুর বেলবাড়ি গ্রামের মানুষ

মোঃ জিয়াউর রহমান

বিভাগীয় সম্পাদক রংপুর

দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

১৭ মে ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বেলবাড়ি গ্রামে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। মাত্র দশ মিনিটের বৃষ্টিতেই গ্রামের রাস্তাটি ও বসতবাড়ির চারপাশ হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় জনপ্রতিনিধি মরহুম মোঃ মাহবুবুর রহমান পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও আজ পর্যন্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে ৩নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় শিশু, নারী ও বয়স্কদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। নোংরা পানির কারণে বাড়ছে বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকিও। পানি জমে থাকায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

গ্রামবাসীর ভাষ্য, মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও অবকাঠামো উন্নয়নের কাজ চললেও ইসলামপুর বেলবাড়ি গ্রামের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বছরের পর বছর অবহেলা ও দুর্ভোগের মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের।

এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মিঠাপুকুর উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা ও দীর্ঘদিনের অবহেলার কারণেই সাধারণ মানুষকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *