
আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।
বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশু রাফছাকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব-৬ এর যৌথ অভিযান দল। একই ঘটনায় অভিযুক্ত নয়ন শেখ (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে।
বুধবার (১ এপ্রিল) রাতে খুলনার টুটপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ও ভাড়াটিয়া নয়ন শেখের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
একপর্যায়ে শিশুটির বাবা রশিদ খান মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলতে থাকে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালায়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খুলনার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃত আসামিকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শিশুটিকে নিরাপদে ফিরে পাওয়ায় পরিবারসহ স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।

Leave a Reply