আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।
বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২ মে ২০২৬) দুপুরে শহরের বিআরটিএ অফিস-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল বিআরটিএ কার্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে বাহাদুর হাওলাদারকে তল্লাশি করলে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক বাহাদুর হাওলাদার শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি হাবিব হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।