
এইচ এম সাগর (হিরামন),খুলনা :
খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাত ১টায় নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে উত্থাপন করা হলে বিকাল ৩টায় খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের জামিন দেন। কারাগারে না গিয়েই ১৪ ঘণ্টার মধ্যে মুক্ত হয়েছেন তারা।
জামিনপ্রাপ্ত দু’জন হলেন দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের দু’জনকে দেখা যায়। ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি।

Leave a Reply