
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অব্যাহত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আজিজ (২৬) গ্রেফতার হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার উত্তর ডিককুল এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, একটি মাদক সিন্ডিকেট সেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনা ও হাতবদলের উদ্দেশ্যে অবস্থান করছিল।
অভিযানকালে উত্তর ডিককুল এলাকার আলী আহাম্মদের টিনশেড বাড়িতে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য মোহাম্মদ আজিজ। তবে র্যাব সদস্যরা কৌশলে তাকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস (আইস) এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আজিজ একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তিনি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে দেশের বিভিন্ন স্থানে মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মোট তিনটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকের অর্থায়ন, সরবরাহ রুট ও এর পেছনের মূল হোতাদের শনাক্ত করে সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে তাদের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply