Blog

  • গোবিন্দগঞ্জে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

    গোবিন্দগঞ্জে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

    মোঃ রেজাদুল ইসলাম রেজা

    স্টাফ রিপোর্টার গাইবান্ধা

    গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে ভারসাম্যহীন আব্দুর রশিদ শেখ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আব্দুর রশিদ শেখ ওই গ্রামের মৃত মোজল হক শেখের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ২ জুন ২০২৬ সকালে গ্রামবাসী রামপুরা গ্রামের একটি গাছের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

    গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    ​মাহিদুল ইসলাম ফরহাদ

    ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

     

     

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।​আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬) সকাল ০৭:১০ ঘটিকা হতে ০৮:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ভোলাহাট থানাধীন ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসামিদের নিজ বাড়ি থেকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার করেন।

    ​মোসা. তাজেনুর বেগম (৫৩), স্বামী- অজ্ঞাত, সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​মো. সাবিরুল ইসলাম (৩১) (তাজেনুর বেগমের ছেলে), সুরানপুর গ্রাম, ভোলাহাট।

    ​মোসা. ববিতা খাতুন (২৫), সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​অভিযানকালে তাদের যৌথ হেফাজত থেকে সর্বমোট ১ (এক) কেজি গাঁজা এবং ২৪.৫ (চব্বিশ দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে সারাদেশে ও জেলা পর্যায়ে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং যুবসমাজকে রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ শীর্ষ মাদক কারবারি আজিজ গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ শীর্ষ মাদক কারবারি আজিজ গ্রেফতার

    আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

    মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অব্যাহত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আজিজ (২৬) গ্রেফতার হয়েছে।

    র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার উত্তর ডিককুল এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, একটি মাদক সিন্ডিকেট সেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনা ও হাতবদলের উদ্দেশ্যে অবস্থান করছিল।

    অভিযানকালে উত্তর ডিককুল এলাকার আলী আহাম্মদের টিনশেড বাড়িতে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য মোহাম্মদ আজিজ। তবে র‌্যাব সদস্যরা কৌশলে তাকে আটক করতে সক্ষম হন।

    পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস (আইস) এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন।

    র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আজিজ একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তিনি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে দেশের বিভিন্ন স্থানে মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মোট তিনটি মামলা রয়েছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকের অর্থায়ন, সরবরাহ রুট ও এর পেছনের মূল হোতাদের শনাক্ত করে সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে তাদের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক

    গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক

    মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

    গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    গত রোববার ৩১ মে রাতে উপজেলার উত্তর ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বৃষ্টি মন্ডল ওই গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
    ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে তাঁর বোন সীমা মন্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
    পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
    জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কম লাভে গরুর মাংস বিক্রি করে প্রশংসায় আলমগীর কসাই

    কম লাভে গরুর মাংস বিক্রি করে প্রশংসায় আলমগীর কসাই

    মোঃ শিহাব উদ্দিন

    গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

     

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাসস্ট্যান্ড এলাকায় তুলনামূলক কম দামে গরুর মাংস বিক্রি করে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন আলমগীর কসাই। বাজারে মাংসের দাম বৃদ্ধি পেলেও তিনি দীর্ঘদিন ধরে স্বল্প লাভে গরুর মাংস বিক্রি করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আলমগীরের দোকানে ক্রেতাদের ভিড় থাকে। কম দামে মাংস বিক্রির পাশাপাশি তিনি মান বজায় রাখার চেষ্টা করেন। এ কারণে শুধু জলিলপাড় নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ক্রেতারা তার দোকানে আসছেন।

    কয়েকজন ক্রেতা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে কম দামে ভালো মানের গরুর মাংস পাওয়া সাধারণ মানুষের জন্য অনেকটা স্বস্তির বিষয়। তাই তারা নিয়মিত আলমগীরের দোকান থেকেই মাংস কিনে থাকেন।

    আলমগীর কসাই বলেন, “সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনা করেই আমি কম লাভে মাংস বিক্রি করছি। ব্যবসার পাশাপাশি মানুষের সেবা করাও আমার দায়িত্ব বলে মনে করি।”

    স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমান সময়ে যেখানে অধিক মুনাফার প্রবণতা দেখা যায়, সেখানে আলমগীর কসাইয়ের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তারা মনে করেন, ব্যবসায় লাভের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এমন দৃষ্টান্ত অন্য ব্যবসায়ীদেরও অনুপ্রাণিত করতে পারে।

    সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক এ উদ্যোগের কারণে আলমগীর কসাই এখন এলাকায় একজন মানবিক ও জনবান্ধব ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন।

  • খুলনায় ট্রিপল হত্যা: ঘাতক ট্রাক ড্রাইভার রফিকুলকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

    খুলনায় ট্রিপল হত্যা: ঘাতক ট্রাক ড্রাইভার রফিকুলকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

    সরদার সাইদী হাসান বাবু, ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা বিভাগ।

     

    বারবার অবস্থান পরিবর্তন করছেন সন্দেহভাজন, মোবাইল ট্র্যাকিং চলছে।

    খুলনা, ৩১ মে ২০২৬ খুলনায় সৎপুত্র দুই শিশু ও তাদের নানিকে হত্যার আলোচিত মামলার মূল হোতা ট্রাক ড্রাইভার রফিকুল হাওলাদারকে গ্রেপ্তারে তীব্র অভিযান চালিয়েছে পুলিশ ও র‍্যাব। শনিবার সন্ধ্যার পর নগরীর একাধিক স্থানে অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। মোবাইল ফোন ট্র্যাকিং করে দেখা যাচ্ছে, সে বারবার অবস্থান পরিবর্তন করছে।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, রফিকুল হাওলাদার তাঁর সৎপুত্র শামীম (১৪) ও মুস্তাকিম (৪)-কে হত্যার পর তাদের নানি বেবি বেগমকেও খুন করেন। হত্যাকাণ্ডের একদিন পর শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পড়ে থাকায় লাশে পচন ধরেছে। পুলিশ ধারণা করছে, হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত রফিকুল।

    তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে যখন লাশ উদ্ধার করা হয়, তখন রফিকুলের মোবাইল সিগন্যাল সোনাডাঙ্গা এলাকায় পাওয়া যায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সে এলাকা ত্যাগ করে। বর্তমানে একাধিক টিম মাঠে নেমে তার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে।

    রফিকুল হাওলাদার খুলনার দৌলতপুর থানা এলাকার মহেশ্বরপাশার মানিকতলা মহল্লার আলমগীর হাওলাদারের ছেলে। পেশায় ট্রাক ড্রাইভার রফিকুল ঘটনার পর থেকে নিজ এলাকায় দেখা যায়নি। মহেশ্বরপাশা এলাকার কয়েকজন ট্রাক ড্রাইভার জানান, রফিকুল প্রায়ই মাতাল অবস্থায় থাকতেন এবং তাঁর পারিবারিক জীবন সুখের ছিল না।

    কেএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “রফিকুলকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা তার গতিবিধি নজরদারি করছি। যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা যেতে পারে।”

    এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

    দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

    দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

    মোঃ আইনুল ইসলাম, বিভাগীয় সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বইমেলা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

    অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল, মোঃ আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খাঁন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, জেলা মহিলা দলের সভাপতি মিসেস জিন্নাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানাসহ জেলা বিএনপি সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের ন্যায় এবারও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। অনুষ্ঠানে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত অন্যান্য বক্তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বইমেলা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা ও জাতীয় উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগাঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. সৈয়দ শাহীন শওকত।

    সভার প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ রফিক। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা। জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

    এসময় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

  • কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার

    কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার

    কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার

    রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি
    কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধারালো অস্ত্রের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মে রাত ৯টার দিকে থেতরাই ইউনিয়নের সুইচগেট বাজারের পশ্চিম পাশে সুইচগেট ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন যুবক গাঁজা সেবন করছেন বলে সন্দেহ করে স্থানীয় মিজানুর রহমান ও আলমগীর হোসেন তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

    এর জের ধরে রাত আনুমানিক ১০টার দিকে মোসাব্বির মুসা, মোখছেদ আলী, শাহ আলম, রানা ইসলামসহ ১০-১২ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে এলাকায় গিয়ে হামলার চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

    হামলায় ইয়াছিন আরাফাত (২০), নাজমুল ইসলাম (১৮), স্বাধীন ইসলাম (১৬), শাহ আলম এবং মুকুল মিয়া (৪২) আহত হন। আহতদের মধ্যে ইয়াছিন আরাফাতের পেটে এবং স্বাধীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। নাজমুল ইসলামের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আরাফাত ও স্বাধীন ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর আহতদের মধ্যে নাজমুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    এ ঘটনায় আহত ইয়াছিন আরাফাতের চাচা লিটন সরকার বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) পুতুল কুমার মহন্ত।

  • খুলনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, দোয়া ও মিলাদ মাহফিলে শ্রদ্ধাঞ্জলি।

    খুলনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, দোয়া ও মিলাদ মাহফিলে শ্রদ্ধাঞ্জলি।

    মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, খুলনা

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    “যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে।” এই শ্লোগানকে সামনে রেখে খুলনায় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

    শনিবার (৩০ মে) আসরের নামাজের পর খুলনা মহানগরীর গোয়ালখালী জামে মসজিদে খুলনা মহানগর বিএনপির ৯নং ওয়ার্ড গোয়ালখালী ইউনিটের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, খালিশপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম।

    তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা অনেকে আপনাকে নিজ চোখে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আমরা শুনেছি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা আপনার সেই বজ্রকণ্ঠের গল্প। ঘাতকেরা ভেবেছিল আপনাকে মুছে দেবে, কিন্তু তারা জানতো না বাংলার ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি ধূলিকণায় আপনি মিশে আছেন এক অবিনাশী আদর্শ হয়ে।”

    গোয়ালখালী জামে মসজিদের ইমামের পরিচালনায় মোনাজাতে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

    এ সময় আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির নেতা নাজমুল আলম, মো. খাইরুল ইসলাম, নগর ছাত্রদল নেতা জুলফিকার, গোয়ালখালী ইউনিটের সাধারণ সম্পাদক জাবের, সহ-সভাপতি রফিকুল ইসলাম, শেখ সেলিম, শেখ শরিফুল ইসলাম আঃ রহিম সুমনসহ স্থানীয় মুসল্লিগণ।

    দোয়া ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।