Blog

  • ক্ষমতার চূড়ায় নয়, কৃতজ্ঞতার শিখরে উঠুন: নবনির্বাচিত এমপিদের জন্য এক হৃদয়ছোঁয়া স্মরণবার্তা

    ক্ষমতার চূড়ায় নয়, কৃতজ্ঞতার শিখরে উঠুন: নবনির্বাচিত এমপিদের জন্য এক হৃদয়ছোঁয়া স্মরণবার্তা

    মোঃ আইনুল ইসলাম, বিভাগীয় সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    প্রতিবেদন:

    নির্বাচনের উত্তাপ পেরিয়ে যখন একজন জনপ্রতিনিধি বিজয়ের মালা গলায় পরেন, তখন চারপাশে বদলে যায় দৃশ্যপট।

    নতুন নতুন মুখ, নতুন শুভেচ্ছা, ফুলের তোড়া, মিষ্টির বাক্স, ক্যামেরার ফ্ল্যাশ—সব মিলিয়ে যেন এক উজ্জ্বল উৎসবের আবহাওয়া। এটি স্বাভাবিক, এটি গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।

    কিন্তু এই উজ্জ্বল মুহূর্তে একটি বিষয় গভীরভাবে স্মরণ রাখা জরুরি—যে হাতটি দুঃসময়ে কাঁধে ছিল, সেটিই প্রকৃত শক্তি। যে কণ্ঠটি হতাশার রাতে সাহস দিয়েছে, সেটিই প্রকৃত প্রেরণা।

    একটি প্রবাদ আছে—
    “সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়।”🕊 দুঃসময়ের সঙ্গী—রাজনীতির অদৃশ্য স্তম্ভ,

    নবনির্বাচিত সম্মানিত এমপি মহোদয়গণ, আপনাদের জীবনের সেই দিনগুলো কি ভুলে যাওয়া সম্ভব— যখন রাজনৈতিক প্রতিকূলতা, আর্থিক সংকট, মানসিক চাপ কিংবা সামাজিক চ্যালেঞ্জ আপনাদের ঘিরে ধরেছিল? সেই কঠিন দিনে যারা পাশে থেকেছেন—

    ১.সময় দিয়েছেন,
    ২.পরামর্শ দিয়েছেন,
    ৩.সমালোচনা করে সঠিক পথ দেখিয়েছেন,
    ৪.নির্ভয়ে সমর্থন দিয়েছেন,
    ৫.ব্যক্তিগত স্বার্থ ভুলে আপনাদের পাশে দাঁড়িয়েছেন,
    তারাই আপনাদের সবচেয়ে ঘনিষ্ঠ ও পরম শুভাকাঙ্ক্ষী।

    ক্ষমতার আলো অনেককে কাছে টানে, কিন্তু চরিত্রের আলো কেবল প্রকৃত মানুষকেই কাছে রাখে।
    🌸 নতুন মুখ, নতুন শুভেচ্ছা—তাদেরও সম্মান দিন, আজ আপনাদের পাশে অনেক নতুন মানুষ আসছেন—কেউ সেলফি তুলছেন, কেউ ফুলের মালা পরাচ্ছেন, কেউ দাওয়াত করছেন, কেউ মিষ্টিমুখ করাতে চাইছেন।
    এটি দোষের কিছু নয়।

    সমাজের মানুষ তাঁদের নির্বাচিত প্রতিনিধিকে ঘিরে আনন্দ করবে—এটাই স্বাভাবিক।
    ১.সব সম্পর্ক স্বার্থের নয়।
    ২.সব হাসির আড়ালে উদ্দেশ্য লুকিয়ে থাকে না।
    অনেকেই আন্তরিকভাবে ভালোবাসা থেকে এগিয়ে আসেন।

    তাই কাউকে সন্দেহ নয়— বরং সবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, শালীনতা ও সম্মান বজায় রাখাই একজন প্রাজ্ঞ জনপ্রতিনিধির পরিচয়।

    ⚖ ভারসাম্যই নেতৃত্বের সৌন্দর্য
    একজন সফল এমপি তিনটি বিষয় কখনো ভুলে যান না—
    ১.অতীতের ত্যাগ
    ২.বর্তমানের দায়িত্ব
    ৩.ভবিষ্যতের জবাবদিহিতা
    যারা দুঃসময়ে ছিলেন—তাদের মূল্যায়ন করুন। যারা সুসময়ে এসেছেন—তাদের সম্মান দিন।
    কিন্তু সিদ্ধান্ত নিন বিবেক দিয়ে।

    কারণ ইতিহাস সাক্ষী—
    ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু কৃতজ্ঞতা চিরস্থায়ী। সম্মানের মালিক আল্লাহ
    ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বলা হয়েছে—যে মানুষকে সম্মান করে, আল্লাহ তাকেও মানুষের কাছে সম্মানিত করেন।

    সম্মান দেওয়া মানে শুধু পদ বা প্রভাবকে সম্মান করা নয়—
    মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়া, নীরব ত্যাগকে মূল্যায়ন করা এবং হৃদয়ের সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা।

    📌 একটি দায়িত্বশীল আহ্বান
    এই প্রতিবেদন কোনো অভিযোগ নয়, কোনো সমালোচনা নয়।
    এটি একটি স্মরণবার্তা- নবনির্বাচিত সম্মানিত এমপিদের জন্য, তাদের দুঃসময়ের সাথীদের জন্য, নতুন শুভেচ্ছাবাহীদের জন্য,
    এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের জন্য।

    আমরা চাই—
    নেতৃত্ব হোক কৃতজ্ঞতায় সমৃদ্ধ,
    সম্পর্ক হোক মর্যাদায় সুরক্ষিত,
    এবং গণতন্ত্র হোক মানবিকতায় আলোকিত। কারণ একজন জনপ্রতিনিধির প্রকৃত মহত্ত্ব বোঝা যায়— তিনি ক্ষমতার চেয়ারে বসে কাদের স্মরণ করেন, কাদের পাশে রাখেন, এবং কাদের অবদানকে হৃদয়ে ধারণ করেন।

    🌍 দুর্নীতি তালাশ নিউজ বিশ্বাস করে— দায়িত্বশীল নেতৃত্বই পারে একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে। সম্মান, কৃতজ্ঞতা ও নৈতিকতার এই বার্তা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ুক—
    আর আমাদের গণতন্ত্র হোক মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।

  • মূলধারায় ৭ বাংলাদেশী—আমেরিকান শিল্পীর চিত্র প্রদর্শনী

    মূলধারায় ৭ বাংলাদেশী—আমেরিকান শিল্পীর চিত্র প্রদর্শনী

    হাকিকুল ইসলাম খোকন

    জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং, জেক্যাল এবং নিউইয়র্কস্থ রেজোর্ট ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে একটি যৌথ চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার। জ্যামাইকায় অবস্থিত রেজোর্ট ওয়ার্ল্ডের রেড ওয়াল আর্ট গ্যালারিতে মূলধারার এই প্রদর্শনীতে অন্যান্য শিল্পীদের সাথে ৭ জন বাংলাদেশী শিল্পীর চিত্রকর্মও প্রদর্শিত হবে। আর প্রদর্শনীটি কিউরেটিং করবেন বাংলাদেশী বংশোদ্ভুত শিল্পী ও ভাস্কর আলমা ফেরদৌসি লিয়া।
    এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশী আমেরিকান শিল্পীরা হলেন বিশ্বজিত চৌধুরী, আলমা লিয়া, দীপা দেবনাথ, ফারহানা ইয়াসমিন, রুদ্র জাহাঙ্গীর, শারমিন সিরাজি, তারিক জুলফিকার। বিশ্বজিত চৌধুরী, আলমা লিয়া, দীপা দেবনাথের একটি করে ছবি থাকলেও ফারহানা ইয়াসমিনের দুটি, রুদ্র জাহাঙ্গীরের দুটি, শারমিন সিরাজির তিনটি ও তারিক জুলফিকারের তিনটি চিত্রকর্ম রয়েছে।
    ‘কালচার থ্রু ক্যালাইডোসকোপ’ নামের এই প্রদর্শনীতে একটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে তাহলো ইমিগ্রান্টদের ডাইভার্স চিত্রকলা। নির্বাচিত এই প্রদর্শনী চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। মূলধারার এই প্রদর্শনীর একমাত্র কিউরেটর আলমা লিয়া বাংলাদেশী শিল্পানুরাগীদের এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছেন।

  • কোভিড অনুদান লুটে জড়িত ৯ বাংলাদেশি, দোষ স্বীকার করে অর্থ ফেরত

    হাকিকুল ইসলাম খোকন

    কোভিড-১৯ মহামারির সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নির্ধারিত নিউইয়র্কে স্টেটের ত্রাণ তহবিল আত্মসাতের অভিযোগে কুইন্স ও লং আইল্যান্ডের ৯ জন আসামি দোষ স্বীকার করেছেন। তারা সবাই বাংলাদেশি বলে জানা গেছে। খবর আইবিএননিউজ ।
    আসামিরা হলেন: কুইন্সের এস্টোরিয়ার বাসিন্দা মাহবুব মালিক (৪১), জ্যামাইকার তোফায়েল আহমেদ (৫০), এলমহার্স্টের ইউসুফ এমডি (৪৫), জ্যাকসন হাইটসের মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ (৬৮), লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির নিউ হাইড পার্কের নাদিম শেখ (৫৬), জ্যামাইকার জাকির চৌধুরী (৫৯), জ্যামাইকা হিলসের মোহাম্মদ খান (৪৯), লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির ফার্মিডেলের তানভীর মিলন (৫৫) এবং সাফোক কাউন্টির জুনেদ খান (৫৬)। তাদের মধ্যে মাহবুব মালিক গ্রেপ্তার হওয়ার পর তিন বছরের শর্তসাপেক্ষ মুক্তি পেয়েছেন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ এবং নিউইয়র্ক স্টেট ইনস্পেক্টর জেনারেল লুসি ল্যাং এ তথ্য নিশ্চিত করেছেন।
    প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, আসামিরা কোভিড-১৯ মহামারির সময় ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসাগুলোর সহায়তার জন্য চালু হওয়া নিউইয়র্ক স্টেটের ‘এম্পায়ার ডেভেলপমেন্ট প্যানডেমিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রাম’-এর আওতায় একাধিক ভুয়া আবেদন জমা দেন। আদালতে তারা চতুর্থ ডিগ্রির গ্র্যান্ড লারসেনি ও পেটিট লারসেনির অভিযোগে দোষ স্বীকার করেন।
    ২০২৫ সালের মে থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন তারিখে কুইন্স সুপ্রিম কোর্টে দোষ স্বীকারের পর আদালত তাদের মোট ১০ লাখ ৯১ হাজার ৭২০ ডলার ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেন। এর মধ্যে ইতোমধ্যে ৭ লাখ ৬০ হাজার ডলার নিউইয়র্ক স্টেটেকে ফেরত দেওয়া হয়েছে।
    ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ এক বিবৃতিতে বলেন, মহামারির মতো নজিরবিহীন সংকটকালে সংগ্রামরত ব্যবসাগুলোর জন্য বরাদ্দ তহবিল আত্মসাৎ করা গুরুতর অপরাধ। তিনি জানান, দোষ স্বীকারের মাধ্যমে আসামিরা এখন ক্ষতিপূরণ দিতে বাধ্য।
    ইনস্পেক্টর জেনারেল লুসি ল্যাং বলেন, দুর্যোগকালীন ত্রাণ তহবিল ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা অপরাধ এবং জনস্বার্থের পরিপন্থী। তিনি তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
    তদন্তে জানা যায়, ২০২০ সালের জুনের দিকে শুরু করে আসামিরা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের নামে অনুদানের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে অর্থ ব্যবসার বেতন, ভাড়া/মর্টগেজ, ইউটিলিটি বিল ও সরঞ্জাম ক্রয়ের জন্য প্রয়োজন। তবে তদন্তকারীরা দেখতে পান, অনুদানের অর্থ পাওয়ার পরপরই অধিকাংশ টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
    ব্যাংক হিসাব ও ট্যাক্স রিটার্ন পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুদান পাওয়ার আগে কোনো কার্যকর ব্যবসায়িক লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি। জমা দেওয়া ট্যাক্স নথিতে উল্লেখিত আয়-ব্যয়ের তথ্যও ব্যাংক রেকর্ডে প্রতিফলিত হয়নি।
    নিউইয়র্ক স্টেট ইনস্পেক্টর জেনারেলের দপ্তর প্রথমে তদন্ত শুরু করে এবং মে ২০২৪-এ মামলাটি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে প্রেরণ করে। অভিযোগ দায়েরের বিষয়টি জানার পর আসামিরা ৬ থেকে ৯ মে ২০২৫-এর মধ্যে পৃথকভাবে আত্মসমর্পণ করেন। মামলাটি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির ফ্রডস ব্যুরোর তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।
    এদিকে, এ ঘটনায় জড়িত জাকির চৌধুরীর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তার নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা পরিচয় তুলে ধরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে তুলোধুনা ধরেছেন। নিউইয়র্কের সিনিয়র সাংবাদিক, লেখক ও বিশ্ব পর্যটক হাবিব রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবদলের এই নেতাকে ইঙ্গিত করে লিখেছেন- কোভিডের অর্থ আত্মসাৎকারী ৭ জনের একজন যুক্তরাষ্ট্র যুবদল নেতা । দোষ স্বীকারের পর তিনি গত বছরের ২৩ সেপ্টেম্বর পরিশোধ করেছেন ১ লাখ ডলার। ৭৫ হাজার ডলার পরিশোধ করেছেন গত বছরের ২৩ ডিসেম্বর। বাকী ৭৫ হাজার শোধ করবেন আগামী ২৩ মার্চ।

  • ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

    ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

    ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশী—আমেরিকান শিল্পী মনিকা জাহান বোস এবং অটাম স্পিয়ার্স’র নতুন যৌথ প্রদর্শনী চলছে ওয়াশিংটন ডিসির ‘ওয়াশিংটন প্রজেক্ট ফর দ্য আর্টস’এ। ডুপন্ট সার্কেলের এই আর্ট স্পেসে এবার তার প্রদর্শনীর বিষয় ‘ব্রেইডস এন্ড থ্রেডসঃ কানেকটিং লেগাসিস’। তারা দুজনই বাংলাদেশী এবং আফ্রিকীয় ঐতিহ্য মূলভিত্তি রেখে ডায়াসপরিক ভাবনাকে তুলে ধরেছেন এই যুগ্ম প্রদর্শনীতে। এতে থাকছে বাংলাদেশী ও আফ্রিকীয় নানা পদ্ধতির ও ডিজাইনের ব্রেইডিং বা বেনি ও খোঁপা, কাপড়ে এমব্রয়ডারির মাধ্যমে শিল্পচর্চাসহ আনুষঙ্গিক অন্যান্য হস্তশিল্প। উল্লেখ্য মনিকা জাহান বোস ইতোমধ্যেই সূতি শাড়ির প্রদর্শনীর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরিতে বিশ্বজুড়ে ভূমিকা পালন করেছেন।খবর আইবিএননিউজ ।
    গত ১৩ ডিসেম্বর ২০২৫,শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত। এই সময়কালে তারা একাধিকবার নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে আলাপচারিতায় অংশ নেবেন।
    মনিকা জাহান বোস কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কুল থেকে জেডি করেন। এছাড়াও শান্তি নিকেতনে পড়াশুনা করেছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাস করেন তিনি ।

  • চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনে পরাজিত হলেও এলাকার উন্নয়ন কার্যক্রমে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।

    শুক্রবার, (১৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় হারুনুর রশিদ তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে লিখিত বার্তায় তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনগণ যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তা তিনি আজীবন স্মরণ রাখবেন।

    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ বলেন, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সুযোগ্য পুত্র তারেক রহমান-কে দেশনায়ক হিসেবে বেছে নেওয়ার মধ্য দিয়ে দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তার ভাষ্য মতে, “আমরা একটি আসনের লড়াই হেরেছি, কিন্তু মহাযুদ্ধে জয়ী হয়েছি। দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে—এটাই আমাদের বড় শক্তি।”

    উন্নয়নে সক্রিয় ভূমিকার ঘোষণায় হারুনুর রশীদ বলেন, তিনি বর্তমান সংসদ সদস্য না হলেও ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় সিনিয়র নেতা হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি সমন্বয় করে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে কাজ করবেন।

    তিনি তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে—বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, স্বাস্থ্যসেবা পরিকল্পনা, যুব কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি দলীয়ভাবে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, দল ক্ষমতায় থাকায় এসব উদ্যোগ বাস্তবায়নের পথ এখন সম্পূর্ণ উন্মুক্ত।

    ফেসবুক পোস্টের লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তার অভিযোগ, নির্বাচনের পর থেকেই জামায়াত, বিএনপির নেতাকর্মীদের হুমকি দেওয়ার চেষ্টা করছে এবং এই হুমকির বিষয়টি জামায়াতের নেতৃবৃন্দদের নজরে রয়েছে।

    তিনি আরও বলেন, “রাষ্ট্রক্ষমতায় না থেকেও ভয়ভীতি প্রদর্শন জনগণের রায়ের প্রতি অসম্মান। চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের হুমকি বা অস্থিরতা বরদাশত করা হবে না। আইনের বাইরে গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    চাঁপাইনবাবগঞ্জের মানুষ যাতে কোনো উন্নয়ন প্রকল্প বা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং কোনো বৈষম্যের শিকার না হন—সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাবেক এই সংসদ সদস্য।

    তিনি বলেন, “আমার লক্ষ্য ব্যক্তি ক্ষমতা নয়, চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা।” একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে সরকারের অবস্থানকে জনগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

    সবশেষে তিনি চাঁপাইনবাবগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহর সহায়তা কামনা করেন।

  • চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু।

    চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু।

    মো: সেলিম রানা

    চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর ২০২৬: নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর এক অঙ্গীভূত আনসার সদস্য নিহত হয়েছেন।
    আজ ভোররাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় অতিক্রম করার সময় ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মোঃ আব্দুল জব্বার নিহত হন।
    দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম বিএনএস হাসপাতাল-এর আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং আরও সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
    নিহত আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাতে। তিনি পতেঙ্গায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ কর্মরত ছিলেন।
    ঘটনায় বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
    উল্লেখ্য, গতকাল সারাদেশে নির্বাচনী দায়িত্বে বাহিনীর ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুল সংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং দায়িত্ব শেষে ফেরত আনা ছিল বড় চ্যালেঞ্জিং দায়িত্ব। দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও চট্টগ্রামের এই মর্মান্তিক ঘটনা বাহিনীর সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
    বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিবার নিহত সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত সকল আনসার সদস্যের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

  • দৌলতপুরে নির্বাচনী মাঠে বিএনপির মহিলা দল: সালমা বেগমের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডে বকুলের পক্ষে গণসংযোগ

    দৌলতপুরে নির্বাচনী মাঠে বিএনপির মহিলা দল: সালমা বেগমের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডে বকুলের পক্ষে গণসংযোগ

    মোঃ শাহ নেওয়াজ, ডেক্স রিপোর্ট, দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    দৌলতপুর থানা জাতীয়তাবাদী বিএনপির মহিলা দলের সম্মানিত আহবায়ক সালমা বেগমের নেতৃত্বে তারেক রহমানের মনোনয়নকৃত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

    সোমবার ০৮-০২-২০২৬ ইং তারিখে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা দলের নেত্রী ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কারমূলক পরিকল্পনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।

    প্রচারণাকালে মহিলা দলের আহবায়ক সালমা বেগম বলেন,
    “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ।

    তার মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

    স্থানীয় নারী ভোটারদের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

    উল্লেখ্য, দৌলতপুর থানার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

  • নাশকতা রুখতে কালিহাতীতে যৌথ বাহিনীর মহড়া

    নাশকতা রুখতে কালিহাতীতে যৌথ বাহিনীর মহড়া

    শরিফুল ইসলাম টাঙ্গাইল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কালিহাতী ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মহড়াটি শুরু হয়ে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

    মহড়ায় নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব। এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মহড়ার অংশ হিসেবে সশস্ত্র টহল,
    জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়া হয়। নির্বাচনী সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধই ছিল যৌথ বাহিনীর মূল লক্ষ্য।

    এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    তিনি আরও বলেন, প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

  • মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার

    মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার

    মোঃ জুয়েল রানা মাগুরা

    মাগুরা সদর থানা পুলিশ ও র‍্যাবের (RAB) এক যৌথ অভিযানে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অদ্য ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১:৪৫ ঘটিকায় সদর থানাধীন রাউতাড়া গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ ও র‍্যাবের একটি চৌকস দল রাউতাড়া গ্রামস্থ মৃত প্রদ্যুত কুমারের পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে। উল্লেখ্য যে, বাড়ির মালিক প্রায় ৫০ বছর আগে মারা যাওয়ায় বাড়িটি দীর্ঘকাল ধরে পরিত্যক্ত এবং ঝোপজঙ্গলে আবৃত ছিল। তল্লাশিকালে উক্ত জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০২টি পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পিস্তলের সাথে ম্যাগাজিন সংযুক্ত ছিল এবং অপরটি ম্যাগাজিন বিহীন।

    অভিযান পরিচালনাকারী অফিসার এসআই মোঃ হাফিজুর রহমান পিস্তল দুটি জব্দ করেন। অভিযানে কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব না হলেও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

  • পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য — ওসি কামরাঙ্গীরচর

    পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য — ওসি কামরাঙ্গীরচর

    নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন। ঢাকা:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কামরাঙ্গীরচর থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
    রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানার উদ্যোগে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুকের সরাসরি নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম, নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি।
    এ কার্যক্রমে ইন্সপেক্টর শেখ লুৎফর রহমান (তদন্ত), ইন্সপেক্টর আমিনুল ইসলাম (অপারেশন) এবং পুলিশ ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি ও মোবিলাইজেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
    অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন, পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে কামরাঙ্গীরচরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।