অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মোঃআসাদুজ্জামান নামে এক মাদক ও জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার (১৬ই জুন) র্যাব কর্তৃক প্রদানকৃত সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি চৌকস দল জানতে পারে যে, একজন চোরাচালানকারী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও জাল টাকা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ জুন বিকেলে র্যাবের আভিযানিক দলটি পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তর পাশে মহাসড়কের ঢালে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তি মোঃ আসাদুজ্জামানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তি ও দেখানো মতে, তার হেফাজত থেকে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট এবং পৃথক একটি স্থান থেকে টেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ১১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় জাল টাকা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক এজাহার দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাবের এই কঠোর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।