ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী আটক

ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী আটক

নাজিম উদ্দীন,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মো. রফিক (৫৫) ও মো. মজনু উদ্দিন (৩৬)। তারা উভয়েই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা এবং আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের ফটিকছড়ি সেনা ক্যাম্প পৃথক দুটি টিমে বিভক্ত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ওই দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়—
দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ডামি পিস্তল, .৩০৩ ক্যালিবারের একটি গুলি, শটগানের একটি গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, ১০০ রাউন্ড এয়ার গান অ্যামুনিশন, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।

আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *