মোঃ আইনুল ইসলাম
বিভাগীয় সম্পাদক,
দুর্নীতি তালাশ নিউজ টিভি।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় দিনাজপুর সদর উপজেলার মুন্সিপাড়া তালতলা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ খান কিরন। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সততা, নৈতিকতা ও সমাজ-রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। তিনি আরও বলেন, অসচেতনতা বা ভুল তথ্যের কারণে যেন কোনো ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকল সংবাদকর্মীকে সতর্ক থাকতে হবে। তিনি সাংবাদিকদের নিরাপত্তা, ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সম্মান অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি রংপুর বিভাগের আট জেলার উপজেলা ও থানা কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি মোঃ তারেক বাপ্পী তার বক্তব্যে বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘ ৪৪ বছর ধরে সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি রংপুর বিভাগীয় সাংবাদিক ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি ইতিহাস ও দায়িত্ববোধের ধারক। তিনি তার লিখিত বাণী থেকে উল্লেখ করেন, অবিভক্ত বাংলার প্রথম পত্রিকা “রঙ্গপুর বার্তাবহ” ১৮৪৭ সালে প্রকাশিত হয়েছিল এবং এর মাধ্যমে রংপুর অঞ্চলের সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ইতিহাসের সূচনা ঘটে। তিনি বলেন, ইতিহাস-ঐতিহ্য ধারণ করেই বর্তমান প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম-এর সাম্প্রতিক মোটরসাইকেল দুর্ঘটনার বিষয় উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য নওশাদ জমির এমপির- মানবিক সহায়তার প্রশংসাও করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন। তিনি বলেন, বর্তমানে কিছু অসাধু ব্যক্তি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সাংবাদিকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করছে। এসব অপতৎপরতা রোধে সংগঠনের পরিচয়পত্রে কিউআর কোড যাচাইকরণ ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, অনলাইনের মাধ্যমে সদস্য ফরম পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে নতুন সদস্য হওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুর রাজ্জাক (রাজা)। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখতে হবে। প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে নবীনরা শিক্ষা নেবে—এটাই হওয়া উচিত সুস্থ সাংবাদিকতার সংস্কৃতি।
সভা সঞ্চালনা করেন মোঃ ফরিদ আলী। আলোচনা সভায় “সাংবাদিক নির্যাতন-হয়রানি বন্ধ করুন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করুন” — এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি তালাশ নিউজ টিভির বিভাগীয় সম্পাদক মোঃ আইনুল ইসলামসহ বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ের অসংখ্য সাংবাদিক প্রতিনিধি। অনুষ্ঠান শেষে দেশ, সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।