Blog

  • “কলম যখন জাগে, সমাজ তখন বদলায়”

    “কলম যখন জাগে, সমাজ তখন বদলায়”

    সাংবাদিক, Journalists ও Press মানবসভ্যতার বিবেক, গণতন্ত্রের প্রহরী। পৃথিবীর ইতিহাসে এমন কিছু শক্তি আছে, যেগুলো অস্ত্র ছাড়াই বিপ্লব ঘটিয়েছে। এমন কিছু কণ্ঠ আছে, যেগুলো সীমান্ত মানে না; ভাষা, জাতি, ধর্ম, গোষ্ঠী—সব বিভেদ পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। সেই শক্তির নাম সাংবাদিকতা। সেই কণ্ঠের নাম Press। আর সেই সাহসী মানুষের নাম Journalists।

     

    আজকের পৃথিবীতে প্রযুক্তি যত এগিয়েছে, তথ্যের গতি যত বেড়েছে, সত্যের প্রয়োজন তত বেশি হয়েছে। কারণ তথ্যের ভিড়ে মিথ্যা যেমন বাড়ে, তেমনি সত্যকে খুঁজে বের করার দায়িত্বও বাড়ে। আর সেই মহান দায়িত্ব কাঁধে তুলে নেন সাংবাদিকরা।

     

    সাংবাদিক: শুধু শব্দ নয়, একটি দায়িত্বের নাম। “সাংবাদিক” শব্দটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে একজন নির্ভীক মানুষ—যিনি অন্যায়ের সামনে মাথা নত করেন না, যিনি ক্ষমতার ভয় পান না, যিনি মানুষের কথা মানুষের কাছেই পৌঁছে দেন।

    সাংবাদিক মানে—

    স — সত্যের সন্ধানী,

    াং — জনগণের কণ্ঠস্বর,

    বা — বাস্তবতার বার্তাবাহক,

    দি — দিশারী চিন্তার,

    ক — কলমযোদ্ধা,

    একজন প্রকৃত সাংবাদিক সমাজের আয়না, সময়ের দলিল এবং বিবেকের জাগরণ।

     

    Journalists: পৃথিবীর প্রতিটি গণতন্ত্রের শ্বাস-প্রশ্বাস

    Journalists শুধু পেশাজীবী নন; তাঁরা সভ্যতার তথ্য-রক্ষক। তারা যুদ্ধক্ষেত্রে যান, দুর্যোগে থাকেন, দুর্নীতির নথি উন্মোচন করেন, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হন।

    J – Justice.

    O – Objectivity.

    U – Understanding.

    R – Responsibility.

    N – Neutrality.

    A – Awareness.

    L – Leadership.

    I – Integrity.

    S – Sacrifice.

    T – Truth.

    S – Service.

    যে সমাজে সত্যিকারের সাংবাদিক আছে, সে সমাজ কখনো পুরোপুরি অন্ধকারে ডুবে যায় না।

     

    Press: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জনগণের আস্থা। Press কেবল সংবাদমাধ্যম নয়; এটি গণতন্ত্রের প্রাণশক্তি। বিচারব্যবস্থা, প্রশাসন ও আইনসভা যেমন রাষ্ট্রের কাঠামো গড়ে তোলে, তেমনি Press সেই কাঠামোকে জবাবদিহিতার আলোয় রাখে।

    P – Power of Truth.

    R – Responsibility.

    E – Evidence.

    S – Service.

    S – Security of Society.

    যেখানে প্রেস স্বাধীন, সেখানে মানুষ সাহসী। যেখানে প্রেস দুর্বল, সেখানে অন্যায় শক্তিশালী।

     

    বিভিন্ন দেশের পাঠকের জন্য এক সার্বজনীন বার্তা: ভাষা ভিন্ন হতে পারে, সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু সত্যের ভাষা এক। পৃথিবীর যে কোনো দেশে মানুষ চায়—স্বচ্ছতা, ন্যায়বিচার, নিরাপত্তা এবং নির্ভরযোগ্য তথ্য। আর এই চারটি স্তম্ভ রক্ষায় সাংবাদিকতা অপরিহার্য।একজন সাংবাদিক যখন কলম ধরেন, তখন তিনি শুধু খবর লেখেন না—তিনি ইতিহাস লেখেন।

    একটি ক্যামেরা যখন অন হয়, তখন শুধু দৃশ্য ধারণ হয় না—সময়ের সাক্ষ্য সংরক্ষিত হয়। একটি প্রতিবেদন যখন প্রকাশিত হয়, তখন শুধু পাঠক পড়ে না—সমাজ চিন্তা করতে শেখে।

     

    দুর্নীতির বিরুদ্ধে সংবাদই প্রথম প্রতিরোধ। দুর্নীতি অন্ধকারে বেড়ে ওঠে। স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, অন্যায় বাণিজ্য, শোষণ—সবচেয়ে বেশি ভয় পায় স্বাধীন সাংবাদিকতাকে। কারণ একজন সাহসী প্রতিবেদক কখনো কখনো হাজার মানুষের নীরব প্রতিবাদের চেয়েও শক্তিশালী হয়ে ওঠেন। এই কারণেই সৎ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবার সর্বোচ্চ রূপগুলোর একটি।

     

    শিক্ষিত সমাজ কেন সাংবাদিকতাকে সম্মান করে?

    একজন শিক্ষিত মানুষ জানেন—

    জ্ঞান শুধু বইয়ে নয়, বাস্তবতায়ও থাকে। আর সেই বাস্তবতাকে ঘরে ঘরে পৌঁছে দেন সাংবাদিকরা।

    তাই বিশ্ববিদ্যালয়, আদালত, সংসদ, গবেষণাগার, ব্যবসা প্রতিষ্ঠান—সবখানেই বিশ্বস্ত সংবাদমাধ্যমের প্রয়োজন আছে। কারণ তথ্যহীন উন্নয়ন টেকে না, আর সত্যহীন সমাজ টিকে না।

     

    হৃদয়ে গেঁথে যাওয়ার মতো কিছু সত্য, কলমের কালি কখনো কখনো রক্তপাত থামায়। একটি সত্য সংবাদ হাজার মিথ্যার দেয়াল ভেঙে দেয়।

    সাহসী সাংবাদিক মানে জেগে থাকা জাতি। স্বাধীন Press মানে নিরাপদ ভবিষ্যৎ। সত্যের পাশে থাকা মানুষ কখনো পরাজিত হয় না।

     

    দুর্নীতি তালাশ নিউজ টিভির অঙ্গীকার: আমরা বিশ্বাস করি—

    সংবাদ হবে নির্ভীক, তথ্য হবে যাচাইকৃত, কণ্ঠ হবে মানুষের, অবস্থান হবে সত্যের পাশে।

    বিশ্বের বিভিন্ন দেশের পাঠকের কাছে আমাদের বার্তা একটাই—

    সাংবাদিকতা কোনো ব্যবসা নয়; এটি বিশ্বাসের দায়িত্ব।

    শেষ কথা: যেদিন সাংবাদিকের কলম থেমে যাবে,সেদিন সমাজ প্রশ্ন করতে ভুলে যাবে।যেদিন Press নীরব হবে,সেদিন অন্যায় উচ্চস্বরে কথা বলবে।তাই সাংবাদিককে সম্মান দিন, সত্যকে শক্তি দিন, সংবাদমাধ্যমকে স্বাধীন রাখুন।

     

    বিশেষ প্রতিবেদন প্রস্তুত ও সম্পাদনায়

    মোঃ আইনুল ইসলাম,

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন

    নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন

    দেবদূত কর তীর্থ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

     

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

     

    প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬–এর ১০(১) ধারা অনুযায়ী উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

     

    নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে—উপাচার্যের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

     

    প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

     

    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন উপাচার্যের নেতৃত্বে একাডেমিক কার্যক্রম, গবেষণা ও প্রশাসনিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

  • রংপুর সিটি করপোরেশনে জামায়াতের আমিরের নানা প্রতিশ্রুতি, মেয়র পদে প্রার্থিতার ঘোষণা

    রংপুর সিটি করপোরেশনে জামায়াতের আমিরের নানা প্রতিশ্রুতি, মেয়র পদে প্রার্থিতার ঘোষণা

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর
    দুর্নীতি তালাশ নিউজ টিভি

    আজ শুক্রবার (১৫ মে ২০২৬) রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে নানা প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পদে খন্দকার আজম খানকে মেয়র প্রার্থিতার ঘোষণা দেন।
    নগরীর একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
    তিনি আরও বলেন, নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিটি প্রশাসন গড়ে তোলা হবে। নগর উন্নয়নে শিক্ষিত তরুণদের সম্পৃক্ত করা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি।
    সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমরা একটি মানবিক ও আধুনিক নগর গড়তে চাই। নগরবাসীর দোয়া ও সমর্থন পেলে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে।
    এ সময় দলীয় নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
    সভা শেষে উপস্থিত সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় এবং তারা সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • যশোর পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময় সভা

    যশোর পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময় সভা

    কল্যান রায় জয়ন্ত :

     

    জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে যশোর পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গের সঙ্গে যশোর-৩ আসনের সংসদ সদস্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

     

    সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় যশোরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁকে উন্নয়নের কাজে অনুপ্রাণিত করছে।

     

    বক্তব্যে তিনি এমপি ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত প্রায় পৌনে তিন মাসে যশোরের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। এ সময় বিদ্যুৎ, অবকাঠামো ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকারের চলমান পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

     

    মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • যশোরে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ইনভিজিলেটরদের ব্রিফিং

    যশোরে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ইনভিজিলেটরদের ব্রিফিং

    কল্যান রায় জয়ন্ত

     

    যশোরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    শুক্রবার বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার জেলার ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

     

    সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। তিনি দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

     

    পুলিশ সুপার বলেন, প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। এ কারণে পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

     

    তিনি আরও জানান, আগামীকাল সকাল ১১টায় লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার আগেই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ফেস ডিটেকশন ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হবে।

     

    সভায় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং লিখিত পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত সব ইনভিজিলেটর উপস্থিত ছিলেন।

  • খুলনায় র‌্যাবের অভিযানে ‘বি কোম্পানি’র সদস্য ইমন গ্রেপ্তার

    খুলনায় র‌্যাবের অভিযানে ‘বি কোম্পানি’র সদস্য ইমন গ্রেপ্তার

    কল্যান রায় জয়ন্ত

     

    খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘বি কোম্পানি’র সদস্য ও একাধিক মামলার আসামি ইমন মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। র‌্যাবের দাবি, তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক ও নারী-শিশু নির্যাতনসহ পাঁচটি মামলা রয়েছে।

     

    র‌্যাব-৬ সূত্র জানায়, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর হরিণটানা থানার একটি এলাকায় অভিযান চালায়। এ সময় রায়েরমহল ইসলামনগর রোড এলাকার বাসিন্দা ইমন মোল্লা (২৯)কে গ্রেপ্তার করা হয়।

     

    র‌্যাব জানায়, গ্রেপ্তার ইমন খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল।

     

    র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, খুলনার আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় ইমনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা, খুনের উদ্যোগ ও চুরির অভিযোগে মামলা এবং একটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

     

    র‌্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

     

    র‌্যাব কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

  • পটুয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

    পটুয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

    অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

    পটুয়াখালীর গলাচিপায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে গলাচিপা থানাধীন রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন রতনদী তালতলী ইউনিয়নের রোকেয়া বেগম (৪৭), মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ শাকিল সরদার (১৯) এবং চিকনিকান্দি ইউনিয়নের মোঃ রিয়াদ মাহমুদ ইভান (২৫)।

    পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গলাচিপা থানার এসআই মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম টহল ডিউটি করছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, রতনদী তালতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনৈক মিজানুর রহমান মিয়াজীর বসত ঘরে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে এই চারজনকে আটক করা হয়।

    পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রোকেয়া বেগমের কাছ থেকে ৫০০ পিস এবং বাকি তিনজনের কাছ থেকে আরও ১০০০ পিসসহ মোট ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭,২৯০ টাকা এবং তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা পলাতক আরও চার সহযোগীর নাম প্রকাশ করে।

    পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার পলাতক আসামিসহ এই চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • নাজিরহাট বালুমহলে ভ্রাম্যমাণ আদালত অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায়

    নাজিরহাট বালুমহলে ভ্রাম্যমাণ আদালত অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায়

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর
    দুর্নীতি তালাশ নিউজ টিভি

    রংপুর মহানগরীর হাজিরহাট থানা এলাকায় অবৈধ ও অনিয়মিতভাবে বালুমহল পরিচালনার অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৫ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
    জানা গেছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নাজিরহাট এলাকার একটি বালুমহলে অভিযান চালানো হয়। অভিযানের সময় বালুমহল পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
    এ ঘটনায় শতরঞ্জিপাড়া ঘাঘট এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ একরামুল হকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
    অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
    রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাহিনীটি পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

  • বরিশালে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় মাছ ব্যবসায়ী নিহত, আতঙ্কে এলাকাবাসী

    বরিশালে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় মাছ ব্যবসায়ী নিহত, আতঙ্কে এলাকাবাসী

    তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

     

     

    বরিশাল নগরীতে আবারও কিশোর গ্যাংয়ের ভয়ংকর তাণ্ডব। চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রকাশ্যে নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ী। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের সহায়তায় হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু বাবু শিকদারের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু বাবু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই চক্র। শুক্রবার ভোরে ফজরের নামাজের আগে পূর্বপরিকল্পিতভাবে বাবুর ওপর অতর্কিত হামলা চালায় মধুর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী।

    অভিযোগ রয়েছে, রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বাবুকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাই নাঈম হোসেন বলেন, “আমার ভাই কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না। শুধু চাঁদা দিতে রাজি হয়নি বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

    এ ঘটনায় পুরো এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেটের কারণে নগরীতে অপরাধ বাড়ছে। দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

    পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • মদনে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

    মদনে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

    মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি:

    নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
    শুক্রবার (১৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে অভিযান পরিচালনা করে।
    অভিযানে এসআই (নিঃ) ফয়সালের সঙ্গে এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল মমিনুল ইসলাম অংশগ্রহণ করেন। এসময় আব্দুর রশিদের মেয়ে আছমা আক্তারের বাড়ির ছাদের উপর থেকে মোঃ আনোয়ার হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার মনিকা নওধার গ্রামের মৃত রুক্তন মিয়ার ছেলে।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    মদন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।