Blog

  • ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করতে তথ্য চেয়েছে সরকার

    ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করতে তথ্য চেয়েছে সরকার

    নিজস্ব প্রতিবেদক

     

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব বিদ্যালয়ের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

     

    বুধবার (১৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

     

    এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ ডিপিই বাস্তবায়ন করে থাকে। তবে নানা অবকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও অনেক বিদ্যালয়ে এখনো পাঠদান কার্যক্রম চলমান রয়েছে।

     

    চিঠিতে উল্লেখ করা হয়, যেসব বিদ্যালয় ভবন অতি পুরোনো, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, ভবনের কলাম, বীম বা ছাদে ফাটল দেখা দিয়েছে, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে, এসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। এছাড়া কমিটি কর্তৃক অকেজো ঘোষিত ভবনও এ তালিকায় অন্তর্ভুক্ত হবে।

     

    এতে আরও বলা হয়, যেসব বিদ্যালয়ে আলাদা টিনশেড ঘর বা অস্থায়ী টিনশেড কক্ষ রয়েছে, সেগুলোও নতুন ভবন নির্মাণের জন্য রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচিত হবে।

     

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অবকাঠামো উন্নয়নের স্বার্থে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়নি, সেসব বিদ্যালয়ের জেলা ভিত্তিক তথ্য জরুরিভিত্তিতে পাঠাতে হবে। আগামী ২৪ মের তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

     

    চিঠির অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

  • বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে বিদেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ ও জরিমানা। 

    বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে বিদেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ ও জরিমানা। 

    বাগেরহাট প্রতিনিধি।।

    ‎বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল গ্রামে একটি বসতবাড়িতে অবৈধভাবে মাছের হ্যাচারিতে বুধবার (১৩ই মে) দুপুর ১টায় অভিযান চালিয়ে ৩০ মন বিদেশি অবৈধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে এবং জরিমানা করেছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী হাসান এসময় অবৈধ হ্যাচারিতে হ্যাচারি মালিক হান্নান হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে এবং মাছগুলো লবণ দিয়ে পুরিয়ে মাটিতে পুতে রাখা হয়েছে, এসময় কচুয়া থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল উপস্থিত ছিলেন।

    ‎এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী হাসান জানান জনস্বাস্থ রক্ষার্থে আমরা এ ধরনের অভিযান অব্যাহত রেখেছি।

  • নেত্রকোণা মদনে বোরো ধান সংগ্রহের উদ্বোধন,

    নেত্রকোণা মদনে বোরো ধান সংগ্রহের উদ্বোধন,

    মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

     

    নেত্রকোণার মদন উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন,

    নেত্রকোণা-৪(মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর।

     

    বুধবার ( ১৩ মে ) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেদবতী মিস্ত্রী সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান,মদন থানার তদন্ত ওসি অসিম কুমার দাস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, ও মদন উপজেলার বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, মদন পৌর বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান চন্দন, ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির,উপজেলা এবং ১নং কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন,উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল মিয়াসহ বিভিন্ন বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

     

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর বলেন, ধান এবং চাল সংগ্রহে কোন অনিয়ন বরদাশত করা হবেনা। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোন অনৈতিক সুবিধা না নিতে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।

     

    তিনি আরো বলেন, এ বছর মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারনে সারা দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে কৃষকদের ভর্তুকী সহ বিভিন্ন সাহায্যের ঘোষণা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের কে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

     

    চলতি বছর সরাসরি ৪৭২জন কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

  • মোল্লাহাটে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

    মোল্লাহাটে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

    আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

     

    বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিরোধপূর্ণ জমিতে খড়ের গাদা দেয়া ও বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধসহ এক নারী আহত হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন—লিয়াকত আলী মীর (৭০) ও শফিক মীর (৬৫)। তাদেরকে গুরুতর অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে, আহত রিলি (৪৫) বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

    আহত রিলি দাবি করেন, তার স্বামী সাখায়েত মীরের সাথে চাচাতো ভাই লিয়াকত আলী মীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তাদের দখলীয় জমিতে খড়ের গাদা দিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় তার স্বামী ও ছেলে পাশের বাড়িতে আশ্রয় নিলে তিনি একা পড়ে যান এবং প্রতিপক্ষ তাকে মারধর করে।

    অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন লিয়াকত আলী মীর ও শফিক মীর জানান, তাদের নিজস্ব জমিতে জোরপূর্বক খড়ের গাদা দিতে গেলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাখায়েত মীর, তার ছেলে মামুন এবং স্ত্রী রিলিসহ কয়েকজন তাদের ওপর ইট দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, ওই ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নোয়াখালী শহরে গোপন অভিযানে আটক ৫ মাদকসেবী, তাৎক্ষণিক কারাদণ্ড

    নোয়াখালী শহরে গোপন অভিযানে আটক ৫ মাদকসেবী, তাৎক্ষণিক কারাদণ্ড

    নিজস্ব প্রতিবেদক:

     

    নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

     

    বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল কালীতারা মোড় এলাকায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

     

    অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ।

     

    দণ্ডপ্রাপ্তরা হলেন-নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. নোবেল (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে মো. সোহাগ (২৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার মৃত গোলাপ নবীর ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), সাইদুল হকের ছেলে মো. আরমান (৩৫) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে মো. সোহাগ (৫০)।

     

    অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়।

     

    পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

     

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • মদনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ‘ফ্যামিলি কিটস’ বিতরণ অনুষ্ঠান,

    মদনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ‘ফ্যামিলি কিটস’ বিতরণ অনুষ্ঠান,

    মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

     

    মদন উপজেলায় সমাজসেবা কার্যালয় ও নেত্রকোনা এর উদ্যোগে সিএসপিবি প্রকল্প ফেইজ-২ এর কেস ম্যানেজমেন্টকৃত সুবিধা বঞ্চিত,এতিম, প্রতিবন্ধী, আইনের সংঘাতে জড়িত ও আইনের সংস্পর্শে আসা শিশুদের পরিবারের মাঝে ইউনিসেফ বাংলাদেশ কতৃক প্রাপ্ত ফ্যামিলি কিটস বিতরণ করা হয়।

     

    ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, মদন উপজেলা আয়োজিত(১৩মে-২০২৬)রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

     

    মদন উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বেদবতী মিস্ত্রী।

     

    বিতরণকৃত প্রতিটি ফ্যামিলি কিটবক্সে ছিল-বড় কম্বল ২টি, শিশুদের জন্য ছোট কম্বল ২টি, গোসলের সাবান ২টি, কাপড় ধোয়ার সাবান ২টি, বড় টুথপেস্ট ২টি, টুথব্রাশ ৪টি, মশারি ৪টি, রিচার্জেবল ব্যাটারিচালিত টর্চলাইট ১টি, তোয়ালে বা গামছা ২টি এবং একটি পানি নিরোধক (ওয়াটার প্রুফ) ক্যারি ব্যাগ।

     

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন উপজেলা সমাজসেবা অফিসার মো.ইমরান হাবিব এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা এনামুল হক স্থানীয় নেতাবিন্দু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জরিমানা

    কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জরিমানা

    গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

     

    বুধবার (১৩ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলামের পরিচালিত এ অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

     

    অভিযান চলাকালে পৌরসভা এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।এছাড়া উপজেলার পারখী, মরিচা ও বল্লা এলাকা থেকে অবৈধভাবে মাটি পরিবহনকালে ৬টি ট্রাক হেফাজতে নেয় প্রশাসন।

     

    কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • লংগদুতে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

    লংগদুতে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

    মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:-

    রাঙামাটির লংগদুতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সাইদুল মিয়াকে (৩৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    ​বুধবার (১৩ মে) দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালে রাঙামাটির লংগদু উপজেলার গাউসপুর গ্রামের বাসিন্দা রানু আক্তারের সঙ্গে সাইদুল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইদুল বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও সাইদুলের নির্যাতন বন্ধ হয়নি।

    ​২০২০ সালের ২২ নভেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় কলহ সৃষ্টি হলে সাইদুল মিয়া তার স্ত্রী রানু আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনাটি আড়াল করতে তিনি মরদেহ বাড়ির পাশের কাপ্তাই হ্রদের পানিতে ডুবিয়ে রাখেন। পরদিন ২৩ নভেম্বর সকালে হ্রদের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদনে গলায় আঘাতের চিহ্ন পাওয়ায় বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে স্পষ্ট হয়।

    ঘটনার পরদিন ২৪ নভেম্বর ২০২০ সালে নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে লংগদু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ প্রায় ছয় বছর বিচারিক কার্যক্রম চলে। আদালত ১২ জন সাক্ষী, চিকিৎসা প্রতিবেদন ও প্রয়োজনীয় আলামত পর্যালোচনা শেষে আসামিকে দোষী সাব্যস্ত করেন।

    রায় প্রদানকালে আদালত পর্যবেক্ষণ দেন যে, যৌতুকের জন্য নারী নির্যাতন ও হত্যার মতো অপরাধ সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। এ ধরনের সামাজিক ব্যাধি রুখতে কঠোর শাস্তির কোনো বিকল্প নেই।

    ​রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাকসুদা হক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজের জন্য একটি কড়া বার্তা। নারীর প্রতি সহিংসতা করে কেউ পার পাবে না। ভুক্তভোগী পরিবারটি দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার পেয়েছে।​রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

  • অপহরণের ৩ দিন পর উদ্ধার হল নাবিল।   ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামসুল ইসলামের প্রচেষ্টায়। 

    অপহরণের ৩ দিন পর উদ্ধার হল নাবিল।  ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামসুল ইসলামের প্রচেষ্টায়। 

    আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ

     

    ময়মনসিংহ নান্দাইল কাকচর গ্রামের সার্জেন্ট অবঃ সারোয়ার জাহান এর পুত্র মোজাহিদুল ইসলাম নাবিল গত ১১ মে রোজ সোমবার আনুমানিক দুপুর সময়ে

    ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন এলাকা ৪৯ নং ওয়ার্ড দক্ষিন খান থেকে অপহরণ হয়। অপহরণের পর এয়ারপোর্ট থানায় যোগাযোগ করা হলে তারা দক্ষিণখান থানায় যোগাযোগ করতে বলে সেখানে জিডি করতে গেলে তারা বলে ডাইরি করতে, এক পর্যায়ে ডাইরি নিতেও অস্বীকৃতি জানায় । তারপর অনলাইন জিডি করে। পিতা – মাতার করুন হৃদয়ের হাহাকার নিয়ে দারস্ত হয় নান্দাইলের কৃতি সন্তান মূর্তপ্রতীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)ডক্টর এ কে এম শামসুল ইসলামের সাথে। তিনি তাতক্ষনিক RAB–1 কে বিষয়টি দেখতে বলেন, RAB–1 তাদের বিশেষ অভিযান পরিচালনা করে মুক্তিপন ছাড়াই ১৩ মে ২৬ ইং তারিখ রোজ বুধবার আনুমানিক ১২ টা থেকে ১টার মধ্য উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোড থেকে উদ্ধার করেন। নাবিল অসুস্থ অবস্থায় RAB–1 এর তত্বাবদানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে।উদ্ধারের পর পিতা – মাতা আত্মীয় – স্বজন নান্দাইলবাসীগণ নান্দাইলের কৃতি সন্তান মূর্তপ্রতীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)ডক্টর এ কে এম শামসুল ইসলামের প্রশংসা করেন ।

  • সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

    সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

    মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

     

    আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

    তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

    চব্বিশের জুলাই আন্দোলনের পর সরকার পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে থাকাকালীন তিনি কারাবিধি অনুযায়ী ডিভিশন সুবিধা পেলেও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

    ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিমেনশিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

    পরবর্তীতে ২০২৫ সালের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত বছরের ১৪ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। ঢাকা ও চট্টগ্রামে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি আসামি ছিলেন। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হন সাবেক এই মন্ত্রী।

    ১৯৪৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের মধ্যেও তিনি ছিলেন একজন।

    রাজনীতির দীর্ঘ জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

    তার ছেলে মাহবুব রহমান রুহেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।