মোঃ আইনুল ইসলাম বিভাগীয় সম্পাদক,
দুর্নীতি তালাশ নিউজ টিভি।
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান অতিথির-
“Green & Clean Dinajpur” শীর্ষক পরিবেশবান্ধব ও সচেতনতামূলক উদ্যোগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের যৌথ আয়োজনে সোমবার (১১ মে ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ “কাঞ্চন-১”-এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জনাব সুরেশ বাঢলেট এবং সিনিয়র ডিরেক্টর-অপারেশনস জনাব চন্দন জাকারিয়াস গমেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এস. এম. হাবিবুল হাসান। এসময় বিভিন্ন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা স্কাউটস সম্পাদক, রোভার স্কাউট সদস্য, স্কাউটস প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে “Green & Clean Dinajpur” উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তুলতে পরিবার থেকেই শিশুদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই সন্তানদের এ বিষয়ে শিক্ষা দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সচেতন করে তুলতে হবে। একইসঙ্গে তিনি শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বাস্তবভিত্তিক শিক্ষা গুরুত্বসহকারে প্রদান করা প্রয়োজন। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাঝে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি পাবে বলেও তিনি মত প্রকাশ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক কাজে অংশগ্রহণকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই; বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, পরিচ্ছন্নতা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধেরও গুরুত্বপূর্ণ অংশ।
বক্তব্যের একপর্যায়ে তিনি গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের বাস্তব চিত্র ও ইতিবাচক উদ্যোগগুলো সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সত্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পেশাদারিত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার খোলা প্রাঙ্গণে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিসহ উপস্থিত অতিথিরা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে অসংখ্য বেলুন উড়িয়ে “সবুজ ও পরিচ্ছন্ন দিনাজপুর” উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন। আয়োজকরা জানান, দিনাজপুর জেলাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, তরুণ সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।