Blog

  • ফকিরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার—স্বস্তি পরিবারে

    ফকিরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার—স্বস্তি পরিবারে

    আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।

    বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশু রাফছাকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযান দল। একই ঘটনায় অভিযুক্ত নয়ন শেখ (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে।
    বুধবার (১ এপ্রিল) রাতে খুলনার টুটপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ও ভাড়াটিয়া নয়ন শেখের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
    একপর্যায়ে শিশুটির বাবা রশিদ খান মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলতে থাকে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
    ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালায়।
    র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খুলনার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়।”
    গ্রেপ্তারকৃত আসামিকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শিশুটিকে নিরাপদে ফিরে পাওয়ায় পরিবারসহ স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।

  • কিশোরগঞ্জে সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজির মামলা; ২৪ দিন ধরে কারাগারে সাংবাদিক

    কিশোরগঞ্জে সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজির মামলা; ২৪ দিন ধরে কারাগারে সাংবাদিক

    এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে দুইপক্ষের মারামারি,হামলা ও ভাঙচুরের ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে প্রভাবশালী একটি মহলের রোষানলের শিকার হয়েছেন এক সাংবাদিক।

    বিগত ২৪ দিন ধরে চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন খায়রুল ইসলাম ফকির (৪০) নামে ওই সাংবাদিক। ছেলের মুক্তির অপেক্ষায় থেকে দিনের পর দিন চোখের জলে বুক ভাসাচ্ছেন তার বৃদ্ধা মা নূরজাহান বেগম (৭০)। হতবিহ্বল হয়ে নীরবে অশ্রুপাত করছেন তার স্ত্রী খোশনাহার আক্তার (৩৩)। বাবার শূন্যতায় অধীর অপেক্ষায় নিদ্রাহীন রাত কাটাচ্ছে তার একমাত্র কন্যা জান্নাত আক্তার নিপু (১৪) এবং দুই শিশুপুত্র নাঈম হাসান দুর্জয় (১০) ও হুমায়ুনের (৫)।

    পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি প্রতিহিংসার বলি হয়ে কারাগারে থাকায় পরিবারটিতে বিপর্যয় নেমে এসেছে। সাংবাদিক খায়রুল হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে। তিনি একটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টাল ‘নয়া সংবাদ’র হোসেনপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ রকম পরিস্থিতিতে তদন্তের মাধ্যমে খায়রুলকে মিথ্যা চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি ও তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটির সদস্যরা।

    বুধবার সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিক খায়রুলের মা, স্ত্রীসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। তারা জানান, দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আসাদুজ্জামান কিরণ পোল্যান্ড প্রবাসী। মাসচারেক আগে তিনি দেশে এসেছেন। তার সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যার পর আসাদুজ্জামান কিরণ ও নজরুল ইসলামের পক্ষের মধ্যে মারামারি হয়। এ ছাড়া, উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কিরণের পক্ষের কিরণের মা সাহেরা খাতুন ও নজরুল ইসলামের পক্ষের নজরুলের স্ত্রী রেখা আক্তার আহত হয়। এর মধ্যে নজরুলের স্ত্রী রেখার অবস্থা গুরুতর ছিল। পরদিন ২৭শে ফেব্রুয়ারি সকালে একই গ্রামের বাসিন্দা সাংবাদিক খায়রুল অনলাইন নিউজপোর্টালে এ ঘটনার সংবাদ প্রকাশ করেন।

    সংবাদ প্রকাশের পর পর ওইদিনই সকালে আরও বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ঘটনার সংবাদ প্রকাশ করেন। এতে খায়রুলের ওপর ক্ষিপ্ত হন কিরণ।

    পরে এই ঘটনায় গত ২রা মার্চ হোসেনপুর থানায় নজরুল ইসলাম বাদী হয়ে কিরণসহ ৮ জনের নামে মামলা করেন। এর তিনদিন পর গত ৫ই মার্চ কিরণের পক্ষে একটি কাউন্টার মামলা করা হয়। কিরণের বোন আনুরা (৫৩) বাদী হয়ে হোসেনপুর থানায় ভাঙচুর, লুটপাট, মারামারিসহ চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। বিত্তশালী হওয়ায় পুলিশকে ম্যানেজ করে কিরণ মামলাটি থানায় রেকর্ড করান। এই মামলায় প্রধান আসামি করা হয় খায়রুলকে।

    পরিবারের অভিযোগ, নিজের ক্ষোভ মেটাতে ষড়যন্ত্র করে খায়রুলকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের দাবি মারামারিসহ দুই পক্ষের কোনো ঘটনার সঙ্গে খায়রুল সম্পৃক্ত ছিলেন না। শুধু সংবাদ প্রকাশের কারণে তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেয়া হয়েছে।

    পরিবারের লোকজন জানান, মামলায় খায়রুলকে আসামি করার পর তিনি গত ৯ই মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

    ভুক্তভূগী পরিবারের দাবি অবিলম্বে সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরকে নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা চাঁদাবাজির মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

  • মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে নতুন নির্বাহী সদস্য হলেন শফিক

    মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে নতুন নির্বাহী সদস্য হলেন শফিক

    নিজস্ব প্রতিবেদক
    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (শফিক) কে সংগঠনের নির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়েছে।

    সংগঠনের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, গঠনতন্ত্রের নির্ধারিত শর্তাবলী মেনে চলার শর্তে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মানবসেবা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য তাকে আহ্বান জানানো হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান ও ন্যায্য দাবি আদায়ে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম জোরদার করতে নিয়মিত প্রতিবেদন প্রদান এবং কেন্দ্রীয় সভায় উপস্থিত থাকার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা এবং তিনি বীর মুক্তিযোদ্ধা আঃ সবুর মিয়ার সন্তান।

    সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নির্বাহী সদস্য হিসেবে শফিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

  • কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে  বিজিবি,র মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদক এবং কসমেটিক্স জব্দ।

    কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তে বিজিবি,র মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদক এবং কসমেটিক্স জব্দ।

    মোঃ মশিউর রহমান বিপুল,  কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ০৩টি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ এবং নিভিয়া সফট ক্রিম জব্দ করেছে।
    বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, অদ্য ০২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় ঝাউরানী বিওপির আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) এবং ০১ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১:১৫ ঘটিকায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন বানিয়াটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এবং ৩১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় রামখানা বিওপির আওতাধীন চান্দেরহাট (থানা-নাগেস্বরী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে ০৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানসমূহ চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় গাঁজা ০৪ কেজি, ইস্কাফ সিরাপ ১০০ বোতল ও নিভিয়া সফট ক্রিম ২৮০পিছ জব্দ করা হয়।
    লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • মাগুরা শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর 

    মাগুরা শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর 

    মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ দুর্নীতি তালাশ নিউজ টিভি

    মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় দু-গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের ব্যাপারে বৃহস্পতিবার রাতেই শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এছাড়া কয়েকটি দোকানঘরে ব্যাপক ভাঙচুর-লুটপাট এবং বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ও ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের দু-গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। যার এক পক্ষের নেতৃত্ব দেন সাবেক জেলা বিএনপির সদস্য ও স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেসের মালিক পক্ষ জাহিদুল ইসলাম এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া। তাদের এ দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেলে লিপটন মিয়ার সমর্থকেরা স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে হামলা চালায়। পরে দু-গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সোহান (২৭), মোহন মল্লিক (৩২), সাইফুল(৪৫), আইয়ুব (৫০), শাখাওয়াত (৪৮), শহিদুল (৪০), মানিক (২০), হামীম (২২), শাওন (২৫), ফজলু (৪০), রোকেয়া বেগম (৩৫) সহ উভয় গ্রুপের ১২ জন মারাত্মক আহত হয়। এ সময় কয়েকটি দোকানঘর ভাঙচুর-লুটপাট এবং বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ও ঘটে।

    গার্মেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দ্বন্ধে একটি গার্মেন্টস শিল্প সম্পূর্ণ হুমকির মুখে পড়েছে। গ্রামে কোন মারামারির ঘটনা ঘটলেই গার্মেন্টসে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এর আগেও বেশ কয়েকবার গার্মেন্টসে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। গার্মেন্টসে ঈদের ছুটি চলছিল। এবার ও প্রতিপক্ষের লোকজন গার্মেন্টসের প্রধান ফটক ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ করে গার্মেন্টসের কাঁচের গ্লাস ভাঙচুর, বৈদ্যুতিক সাব স্টেশন ভাঙচুর ও জেনারেটর ভাঙচুর করেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা গার্মেন্টস বন্ধের জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এই গার্মেন্টস বন্ধ হলে গার্মেন্টসে কাজ করা এলাকার অন্তত ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে।

    দোকান মালিক আতিয়ার রহমান জানান, আমি এখানকার একজন ব্যবসায়ী। আমি সামাজিক কোন দল করি না। গার্মেন্টসের সামনে দোকান হওয়ায় গার্মেন্টস বন্ধ ছিল তাই আমার দোকান ও বন্ধ ছিল। আমাকে এক ভাই ফোন দিয়ে জানাই আমার দোকানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। পরে এসে দেখি দোকানের সাটার ভেঙে দোকানের বিভিন্ন মালপত্র ব্যাপক ভাঙচুর ও অনেক জিনিসপত্র লুটপাট হয়েছে। আমি সঠিক বিচার চাই।

    এ ব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ

    বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ

    বীরগঞ্জ (দিনাজপুর)
    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবশেষে জনতার হাতে ধরা পড়লো কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী ফরিদুল ইসলাম (৩৮)। বুধবার (০১ এপ্রিল ২০২৬) আনুমানিক রাত ১টার সময়ে ১০ নং মোহনপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় চুরি করে পালানোর সময় কল্যাণী জুড়াপীর এলাকায় স্থানীয়দের তৎপরতায় তিনি আটক হন।

    আটক ফরিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা এবং মৃত শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রংপুর, নীলফামারী ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

    ঘটনার সময় স্থানীয় সচেতন জনতা, ইউপি সদস্য মোঃ ফেরদৌস আলী, গ্রাম পুলিশ এবং ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিনের সক্রিয় সহযোগিতায় তাকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় অন্তত আটটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানাসহ মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।

    বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দিনাজপুর কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

  • টিকটকের সূত্র ধরে  নিখোঁজ শিশু সিয়ামকে ৪ মাস পর উদ্ধার করলো পিবিআই, খুলনা!

    টিকটকের সূত্র ধরে নিখোঁজ শিশু সিয়ামকে ৪ মাস পর উদ্ধার করলো পিবিআই, খুলনা!

    সরদার সাইদী হাসান বাবু, ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা বিভাগ।

    খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পানিগাতী (পূর্বপাড়া) সাকিনস্থ মোঃ মিরাজ শেখ (৫০) তার পূত্র আলিমুর @ সিয়াম (১৪)-কে একই গ্রামের ০৪ জন পরস্পর যোগসাজশে অপহরণপূর্বক অবৈধভাবে আটক করে রেখেছে মর্মে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, খুলনাতে বাদী হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত পিটিশন মামলাটি পিবিআই, খুলনা জেলাকে তদন্তের নির্দেশ প্রদান করলে পিবিআই, খুলনা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা মামলাটির তদন্তভার এসআই (নিঃ) গুলশান আরা শিলা এর উপর অর্পণ করেন। পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জের নেতৃত্ত্বে এসআই (নিঃ) গুলশান আরা শিলা সহ পিবিআই খুলনা জেলার চৌকস দল ভিকটিম আলিমুর @ সিয়ামের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে দীর্ঘ প্রায় ০৪ মাস পর ভিকটিমের অবস্থান শনাক্ত করেন। অতঃপর অদ্য ০১/০৪/২০২৬ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার নিত্যহাট মেয়র মার্কেটের “ঢাকা বিরিয়ানি হাউজ” এর মালিক মোঃ আজাদ মাহামুদের হেফাজত থেকে বেনাপোল পোর্ট থানার সহায়তায় উদ্ধার করা হয়। ভিকটিম আলিমুর @ সিয়াম পড়াশোনার চাপে গত ২২/০৯/২০২৫ ইং বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়ে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় চলে যায় এবং বেনাপোল পোর্ট থানাধীন নিত্যহাট মেয়র মার্কেটের “ঢাকা বিরিয়ানি হাউজ” নামীয় রেস্টুরেন্টে কাজ করতে থাকে।

  • দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস চির নিদ্রায় শায়িত

    দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস চির নিদ্রায় শায়িত

    মস্তু মিয়া
    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক চলার পথে’র প্রকাশক ও সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার (০১ এপ্রিল) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর হাজীবাড়ী কোরআানীয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্হানে চিরনিদ্রায় শায়িত হন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
    মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গনে স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্বশীলতার সঙ্গে সংবাদপত্র প্রকাশনা ও সম্পাদনার কাজ করে গেছেন। তার নেতৃত্বে দৈনিক চলার পথে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পাঠকমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ, সুধীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে একজন সৎ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

  • রায়গঞ্জ ও সলংগায় পানির ট্যাংকে লুকানো বিপুল পরিমাণ ডিজেল জব্দ, আটক ২

    রায়গঞ্জ ও সলংগায় পানির ট্যাংকে লুকানো বিপুল পরিমাণ ডিজেল জব্দ, আটক ২

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগায় পৃথক অভিযান চালিয়ে পানির ট্যাংক ও দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় অবৈধ তেল কারবারের সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

    বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সলঙ্গা এলাকার চড়িয়া মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ এবং চান্দাইকোনা এলাকারর একটি তেলের দোকান ও পানির ট্যাংকে অভিযান পরিচালনা করা হয়।

    আটকরা হলেন—শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন এবং রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।

    সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলংগার চড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় শাহাদত হোসেনকে আটক করা হয়। তিনি দোকানের ভেতরে মিনি পাম্প স্থাপন করে অবৈধভাবে তেল বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, রাতে রায়গঞ্জে পৃথক অভিযানে একটি তেলের দোকান থেকে আরও ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। একই এলাকায় দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা অতিরিক্ত ১ হাজার ১০০ লিটার ডিজেলও উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, দুটি স্থান থেকেই মোট ২১০০ লিটার ডিজেল জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।
    আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    অভিযানকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম।

  • রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

    রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

    ম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

    বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটি সড়ক বিভাগ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ ৪টি আঞ্চলিক সড়কের দুই পাশে ৪১ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

    বুধবার (১ এপ্রিল)২৬ খ্রিঃ
    দুপুরে রাঙ্গামাটির সড়কের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার।

    এ সময় জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা ও সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গা, সাপছড়ি যৌথ খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সড়ক বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এ কর্মসূচীর আওতায় জেলা সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে চলতি বছর ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।

    ২০২৬ সাল থেকে ৩০ সালের মধ্যে প্রতি বছর ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে।
    তত্ত্বাবধায়ক, প্রকৌশলী জানান, রাঙ্গামাটি জেলার পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সড়কের দুই পাশেও পর্যায়ক্রমে গাছের চারা রোপণ করা হবে।