Blog

  • সততা ও মানবিকতার এক অধ্যায়ের সমাপ্তি: আজিজুর রহমান চৌধুরীকে স্মরণে আইনজীবীদের দোয়া

    সততা ও মানবিকতার এক অধ্যায়ের সমাপ্তি: আজিজুর রহমান চৌধুরীকে স্মরণে আইনজীবীদের দোয়া

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    জীবনের প্রতিটি অধ্যায় একদিন সমাপ্তির দিকে এগিয়ে যায়। মানুষ তার কর্ম, সততা, মানবিকতা এবং রেখে যাওয়া আদর্শের মাধ্যমেই বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। একজন নীতিবান ও সদালাপী মানুষের প্রস্থান শুধু একটি পরিবারের ক্ষতি নয়, একটি সমাজ ও কর্মক্ষেত্রের জন্যও হয়ে ওঠে অপূরণীয় শূন্যতা। তেমনি দিনাজপুরের আইন অঙ্গনের এক প্রবীণ ও সম্মানিত মুখ আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী অ্যাডভোকেটের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী সমাজে।

     

    বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

     

    জানা যায়, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী অ্যাডভোকেট বৃহস্পতিবার রাত প্রায় ৩টা ৩০ মিনিটে রাজশাহী উপশহরে তার কন্যার বাসভবনে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

     

    মরহুম ১৯৪৩ সালের ১২ জুলাই দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মহিষনাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালের ৬ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে দিনাজপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

     

    ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, মিষ্টভাষী, সৎ ও বিনয়ী ব্যক্তিত্বের অধিকারী। সহকর্মীদের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক এবং নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় একজন মানুষ।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হক লিটন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিনাজপুর জেলা শাখার জেলা তদন্ত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান শাহসহ আইনজীবী সমিতির অসংখ্য সদস্য ও বিশিষ্টজন।

    অনুষ্ঠানে কয়েকজন আইনজীবী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মরহুমের কর্মজীবন, সততা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন।

     

    এ সময় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,

    “আমরা মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে জান্নাতবাসী করেন এবং তার সকল গুনাহ মাফ করে দেন। একজন মানুষ মৃত্যুর পর যখন তার সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তার সম্পর্কে ভালো কথা বলেন এবং উত্তম ধারণা পোষণ করেন, মহান আল্লাহ সেই সাক্ষ্যকে কল্যাণ হিসেবে কবুল করেন। আমরা আবারও মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করছি।”

    দোয়া মাহফিলে মরহুমসহ পৃথিবী থেকে বিদায় নেওয়া সকল আইনজীবীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

     

    মোনাজাতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, তিনি যেন সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

    আইনের পথে একজন মানুষ চলে যান, কিন্তু তার আদর্শ, সততা ও মানবিকতার শিক্ষা রয়ে যায় সময়ের পাতায়। আইন অঙ্গনের প্রবীণ এই মানুষের প্রস্থান হয়তো একটি শূন্যতা সৃষ্টি করেছে, তবে তার কর্ম ও ব্যক্তিত্ব আগামী দিনেও অনেকের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

  • মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় দিনাজপুরে মা–ছেলে ও ভাই–বোনের আপোষ মীমাংসা

    মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় দিনাজপুরে মা–ছেলে ও ভাই–বোনের আপোষ মীমাংসা

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    পারিবারিক বিরোধের অবসান

    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হলো লিখিত আপোষনামা:

    দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেড়ভেড়ী (কামারপাড়া) এলাকায় দীর্ঘদিনের পারিবারিক মনোমালিন্য ও বিরোধের অবসান ঘটেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক আপোষ-মীমাংসার মাধ্যমে।

     

    জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রথমপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখা, দিনাজপুরে একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে সংস্থার উদ্যোগে উভয় পক্ষের আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো হয়।

     

    আপোষনামায় উল্লেখ করা হয় যে, উভয় পক্ষ পারিবারিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতির বিষয়কে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবেন এবং পরস্পরের প্রতি সহযোগিতা ও সম্মান বজায় রাখবেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের মৌলিক অধিকার, ভরণ-পোষণ ও সামাজিক মর্যাদার বিষয়গুলোও আপোষের শর্তাবলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। লিখিত আপোষনামার বিভিন্ন শর্তে মা, ভাই, বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক দায়িত্ব, সহমর্মিতা এবং সামাজিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে পারিবারিক শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার বিষয়েও উভয় পক্ষ সম্মতি প্রদান করেছেন।

     

    আপোষনামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন চিত্র রঞ্জন ও মোঃ মজনুর রহমান। এ সময় নথিতে স্বাক্ষর ও সিল প্রদান করেন অ্যাডভোকেট মারুফ হোসাইন (ইমন) চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও সহ-সাধারণ সম্পাদক, জেলা তদন্ত কমিটি এবং অ্যাডভোকেট মিজানুর রহমান শাহ, আহ্বায়ক ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখা, দিনাজপুর। এছাড়াও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু রুশ হাবীব-এর নেতৃত্বাধীন সাংগঠনিক কার্যক্রমের আওতায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।

     

    স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধ আদালত বা দীর্ঘমেয়াদি জটিলতায় না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সামাজিক সম্প্রীতি ও মানবিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

  • সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    মাহিদুল ইসলাম ফরহাদ

    ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র (মহানন্দা ব্যাটালিয়ন) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ আটক করেছে, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।​বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২:২০ ঘটিকায় সোনামসজিদ বিওপি (Border Outpost)-তে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
    ​টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানের মধ্যে তল্লাশি চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।​আটককৃত এই নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
    ​মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক দমনে বিজিবি’র এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

    বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

    মোস্তফা আল মাসুদ, বগুড়া।

     

    বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

     

    ৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

     

    নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, ‘বুধবার রাত ১০ টার দিকে স্ত্রী রীতা রানীর সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মত দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙ্গানির শব্দ শুনে তিনি দ্রুত স্ত্রীর ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান রীতা রানীর গলাকাটা নিথর মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

     

    হত্যাকান্ডের এই ঘটনায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ‘হত্যাকান্ডের পরপরই মোবাইল ফোনে তারা জানতে পারেন। পরে ঘটনাস্থলে এসে রীতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। এঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

  • হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া

    হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া

    বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

    ঢাকা-সিলেট মহাসড়ককের ব্যস্ততম জনবহুল আউশকান্দি টু নবীগঞ্জ সড়কের বাম পাশে রায়পুর গ্রাম এলাকায় আধুনিক সুযোগ- সুবিধা সম্বলিত “নাঈম ক্রিকেট ও ফুটবল কমপ্লেক্স” এর জাঁকজমক ভাবে শুভ উদ্বোধনকালে এমপি রেজা কিবরিয়া ফুটবলে সট দেন আর গোল কিপার ছিলেন তিনির সহধর্মিণী। এতে এমপির সটে সিমি কিবরিয়াকে গোল করে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

     

    বুধবার (২০ মে) বিকাল ৪টার সময় আউশকান্দি ইউনিয়ন রায়পুর গ্রামের রায়পুর গ্রামের লন্ডন প্রবাসী সমাজ সেবক আখতারুজ্জামান বাবুল তালুকদার ১২০ ফুট লম্বা ও ৮০ ফুট আয়তনের এই ইনডোর স্পোর্টস কমপ্লেক্সটি নির্মাণ করে উদ্ভোধন হয়।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সংসদ সদস্য ডঃ রেজা কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জামান বাবুল তালুকদার। নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার ও টিপু তালুকদার এর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপির সহধর্মিণী সিমি কিবরিয়া, নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি

    সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদার, সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, যুবদল নেতা সামাদুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিবর্গ।

    এতে, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলাকার শতাধিক ক্রীড়া প্রেমি লোকজন উপস্থিত ছিলেন।

     

    বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আধুনিক ক্রীড়া কমপ্লেক্স এলাকার তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা আখতারুজ্জামান বাবুল তালুকদারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

    এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শরীর ও মনকে সুস্থ রাখা এবং মাদক সহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার এই মহৎ উদ্দেশ্য নিয়েই আমি কোটি টাকা ব্যয়ে এই আধুনিক ইনডোর কমপ্লেক্স নির্মাণ করেছি।

    ইনডোর কমপ্লেক্স উদ্বোধনকে ঘীরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট- বড় শত শত খেলা প্রেমি মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয়দের মতে, এই স্পোর্টস কমপ্লেক্স ভবিষ্যতে এলাকার ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে

  • ফায়ার সার্ভিস সপ্তাহে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ডুমুরিয়ায়‌ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

    ফায়ার সার্ভিস সপ্তাহে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ডুমুরিয়ায়‌ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

    শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

    ‘গতি, সেবা ও ত্যাগ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’। এ উপলক্ষে বুধবার সকালে খুলনার ডুমুরিয়া ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার এস আই ‌শাহিন, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম,ও খান স্বপন‌ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফায়ার সার্ভিসের একটি চৌকস দলের অভিবাদন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর ফায়ার সার্ভিসের সাহসী কর্মীরা অগ্নি-নির্বাপণ, ভূমিকম্প ও সড়ক দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা হয়, তার বাস্তবসম্মত মহড়া (Mock Drill) প্রদর্শন করেন। বিশেষ করে বহুতল ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধারে ব্যবহৃত সর্বাধুনিক ল্যাডার ও প্রযুক্তির ব্যবহার উপস্থিত দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে।

    প্রধান অতিথির বক্তব্য উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন,

    “বর্তমান সরকার ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের সেবা সংস্থায় রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে এই বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষা করেন। ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করতে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো হচ্ছে।”

    তিনি সাধারণ নাগরিকদেরও অগ্নি-দুর্ঘটনা এড়াতে সচেতন হওয়ার এবং যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত ফায়ার সার্ভিসের সেবা নেওয়ার আহ্বান জানান।

    সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী দিনগুলোতে নিম্নলিখিত কর্মসূচিগুলো পালন করা হয়।

    শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ: স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ মোকাবিলায় বিশেষ ওরিয়েন্টেশন।

    লিফলেট বিতরণ: সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পোস্টার বিতরণ।

    অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী জমকালো আয়োজনে পালিত 

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী জমকালো আয়োজনে পালিত 

    মোঃ আল আমিন ইসলাম

    বিশেষ প্রতিনিধি:

     

     

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন

    স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যোগে ১৯ মে মঙ্গলবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে “মানবতা প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল” শীর্ষক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা সৈয়দ আলমগীর এমবিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সাবেক ট্রেজারার বিশিষ্ট কলামিস্ট আকবর সিরাজী, নিপসম এর কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড.মো: গোলাম ছারোয়ার, জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, বিশিষ্ট কবি লেখক আইনজীবি ও রাজনীতিবিদ ওয়াজিউল হক শরীফ,জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম- জিসাফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রী মর্জিনা সুলতানা পনু ও যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস খানম, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ- জিসপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি মারিয়া রহমান এবং টঙ্গী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি মো: সেলিম হোসেন মন্ডল।

    অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব, রিতা ভাদুরি, সন্ধ্যা রানী দত্ত, আজমা সুরাইয়া শিল্পী, দিলরুবা নাসরিন, শাহাদত হোসেন এবং সুবর্ণা রানী হালদার। নৃত্য পরিবেশন করেন অধরা সরকার রিয়া। কবি নজরুলের কবিতা থেকে আবৃত্তি করেন কবি ওয়াজিউল হক শরীফ, কবি রীনা পণ্ডিত ও কবি মুস্তাকিমা জামালি মিতু।

  • চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

    মাহিদুল ইসলাম ফরহাদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

     

    চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)।

    ​আজ বুধবার (২০ মে, ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই বস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল আজ সকাল ০৬:৩০ থেকে ০৭:০০ ঘটিকার মধ্যে পিটিআই বস্তি এলাকায় এই টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।মোসা: সেমি বেগম ওরফে পলি (৩৯)​স্বামী: মো: সাইফুল ইসলাম পিটিআই বস্তি (১৫ নং ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা), থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।​তল্লাশি চালিয়ে ধৃত আসামীর হেফাজত থেকে নিম্নলিখিত অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় হেরোইন: ০৩ (তিন) গ্রাম।​গাঁজা: ৬০ (ষাট) গ্রাম।

    ​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • আবারও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে সাইয়েদা আক্তার পাপিয়াকে চান এলাকাবাসী

    আবারও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে সাইয়েদা আক্তার পাপিয়াকে চান এলাকাবাসী

    মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

    গোপালগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাইয়েদা আক্তার পাপিয়াকে আবারও জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে তার জনপ্রিয়তা এখনও দৃশ্যমান।

    স্থানীয়দের অভিযোগ-অনুযোগ, সুখ-দুঃখ ও নানা সামাজিক সমস্যায় সবসময় পাশে থেকেছেন সাইয়েদা আক্তার পাপিয়া। বিশেষ করে নারী উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

    এলাকার বাসিন্দাদের ভাষ্য, জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে তিনি শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ ছিলেন না, বরং সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিলেন। ফলে আগামী দিনেও তাকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দেখতে চান স্থানীয়রা।

    স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “সাইয়েদা আক্তার পাপিয়া সবসময় মানুষের পাশে থেকেছেন। যেকোনো প্রয়োজনে তাকে কাছে পাওয়া গেছে। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছেন। তাই আমরা চাই তিনি আবারও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করুন।”

    এ বিষয়ে সাইয়েদা আক্তার পাপিয়া বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

  • মিঠাপুকুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, তিনটি ঘর পুড়ে ছাই

    মিঠাপুকুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, তিনটি ঘর পুড়ে ছাই

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    ২০ মে ২০২৬ রংপুরের মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের মাদারপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২০ মে) সকাল প্রায় ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, মাদারপুর গ্রামের বাসিন্দা মো. লুৎফুর রহমানের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

    অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, প্রায় ৪০ মন ধান, বিপুল পরিমাণ ভুট্টা, চালসহ দৈনন্দিন ব্যবহার্য সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

    স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পরিবারের সদস্যরা শরীরের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

    এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।