Blog

  • স্বচ্ছ নীতি প্রণয়নের ভিত্তি নির্ভুল পরিমাপ: দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

    স্বচ্ছ নীতি প্রণয়নের ভিত্তি নির্ভুল পরিমাপ: দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    মানসম্মত পণ্য, সুশাসন ও জনআস্থার ভিত্তি শক্তিশালী করতে বিএসটিআই-এর কার্যক্রম তুলে ধরা হয় আলোচনা সভায়:

    বিশ্বব্যাপী নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা ও জনআস্থা প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ছিল— “Metrology: Building Trust in Policy Making” যার বাংলা ভাবানুবাদ, “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”।

     

    এ উপলক্ষে বুধবার (২০ মে) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় মেট্রোলজির গুরুত্ব অত্যন্ত অপরিসীম।

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক, এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুল ইসলাম।

     

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোঃ জুলফিকার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।সভায় বক্তারা বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় নীতি নির্ধারণ, শিল্পোন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সঠিক পরিমাপ পদ্ধতি ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে বিএসটিআই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

     

    অনুষ্ঠানে বিএসটিআই আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী-বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    সভায় বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য, বিএসটিআই-এর কার্যক্রম, আন্তর্জাতিক অঙ্গনে এর গ্রহণযোগ্যতা, পণ্য ও সেবার মানোন্নয়নে সরকারী উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়।

     

    সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আরও কার্যকর সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

  • কৃষকদের মাঝে বিনামূল্যে  সবজি বীজ বিতরণ করলো ব্র্যাক

    কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করলো ব্র্যাক

    আবির হোসেন, বিশেষ প্রতিনিধি:-

    যশোর-২ অঞ্চলের বারোবাজার এলাকার বারোবাজার শাখার আওতাধীন কুল্লাপাড়া গ্রামে ব্র্যাকের উদ্যোগে কৃষি পরামর্শ ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) আয়োজিত এ সভায় মোট ৫০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন নন-ক্লায়েন্ট এবং ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ রোকনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ কামরুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) আব্দুল মজিদ এবং সিডিও (দাবি) তাপস রায়।
    সভায় ব্র্যাকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আর্থিক সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে ‘আমার হিসাব’, সেল্ফ প্রোগ্রাম, সাধারণ সঞ্চয়, ডিপিএস, ছায়া সঞ্চয়, ফিশ ফার্মিং, গবাদিপশুর বীমা, মানি প্ল্যান্ট, শস্য বীমাসহ কৃষিক্ষেত্রে উচ্চ ফলন নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তি ও কৌশলের বিষয়গুলো।
    বক্তারা বলেন, ব্র্যাকের বহুমুখী সেবা ও উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে এসব কার্যক্রম সহায়ক ভূমিকা রাখছে।
    সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে দুই প্যাকেট করে সবজির বীজ বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

  • অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে খুলনা ব্লাড ফুড ফাউন্ডেশনের ব্যতিক্রমী ‘আম-কেক উৎসব’

    অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে খুলনা ব্লাড ফুড ফাউন্ডেশনের ব্যতিক্রমী ‘আম-কেক উৎসব’

    মোছাঃ মনিরা বেগম, খুলনা বিভাগীয় সম্পাদিকা, দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে সামান্য আনন্দের হাসি ফুটিয়ে তোলার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে খুলনা ব্লাড ফুড ফাউন্ডেশন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খুলনা রেল স্টেশন এলাকায় আয়োজন করা হয় “আম ও কেক বিতরণ উৎসব”, যেখানে অসহায় মানুষের মাঝে ভালোবাসার নিদর্শন হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা জান্নাতুল জান্নাত বলেন, “আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমরা চেয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের হাতে সামান্য হলেও কিছু খাবার তুলে দিতে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে। মানুষের মুখে হাসি দেখতে পারাটাই আমাদের বড় প্রাপ্তি।”

    অনুষ্ঠানটি কেন্দ্রীয় কমিটির পরিচালক হৃদয় চৌধুরীর পরিচালনায় সম্পন্ন হয়। খুলনা ব্লাড ফুড ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আল ওয়ালীদের অনুমোদনক্রমে খুলনা রেল স্টেশনে এ আয়োজন বাস্তবায়ন করা হয়।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এসকে তাহমিদুল নাহার তামান্না, বিশেষ অতিথি উপদেষ্টা হিসেবে ছিলেন সাইফ নেওয়াজ এবং উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মনিরা মাহি।

    আয়োজকরা জানান, মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও খুলনার মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
    সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “ভালোবাসা, রক্ত ও খাদ্যের মাধ্যমে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, সেই যাত্রা অব্যাহত থাকবে। আমরা অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন খুলনা ব্লাড ফুড ফাউন্ডেশন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।”

  • শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে দিনাজপুরে জেলা তাঁতীদলের প্রস্তুতির জোরালো বার্তা

    শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে দিনাজপুরে জেলা তাঁতীদলের প্রস্তুতির জোরালো বার্তা

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় সাংগঠনিক ঐক্য, তৃণমূল সম্পৃক্ততা ও কর্মসূচি সফল করার আহ্বান: আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৭ মে ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আসন্ন কর্মসূচি সফল বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

     

    সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান। সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ, পৌর তাঁতীদলের সভাপতি মোঃ হিরা আহমেদ, সহ-সভাপতি মোঃ রাজেকুল ইসলাম ও সাইমুন ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিন্নাত খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন চুন্নু, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা ডালিম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, ৯নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মহিলা নেত্রী মোছাঃ রুমীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     

    বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের পাশে থেকে কাজ করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে।

     

    সভায় নেতৃবৃন্দ আগামী ৩০ মে পালিতব্য ৪৫তম শাহাদাত বার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে জেলা, পৌর ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সভা প্রাণবন্ত হয়ে ওঠে এবং আগামী কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • ডুমুরিয়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মৎস্য অধিদপ্তর মাছ চাষে ঋণ বিতরণ

    ডুমুরিয়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মৎস্য অধিদপ্তর মাছ চাষে ঋণ বিতরণ

    শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

    রবিবার ১৭মে‌ ২০২৬

    ডুমুরিয়ায় মৎস্যজীবী সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ: খুলনা ৫আসনের‌ সংসদ সদস্য প্রধান অতিথি মোহাম্মদ আলী আজগর লবী এমপি বলেন

    দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মাছ চাষের ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যচাষিদের হাতে ঋণের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন:”বর্তমান সরকার দেশের প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবীরা যাতে দাদন ব্যবসায়ী বা চড়া সুদের ঋণের জালে আবদ্ধ না হন, সেজন্য সরকার মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সহজ শর্তে এই ঋণের ব্যবস্থা করেছে। আপনারা এই ঋণের টাকা সঠিকভাবে মাছ চাষে বিনিয়োগ করবেন। সঠিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে আপনারা নিজেরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনই দেশের মানুষের আমিষের চাহিদাও পূরণ হবে।“

    তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এই ঋণ বিতরণ কার্যক্রম একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

    স্বল্প সুদে মূলধন: মৎস্যজীবী গ্রাম সমিতির প্রকৃত ও নিবন্ধিত সদস্যদের এই ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

    আধুনিক প্রযুক্তির ব্যবহার: ঋণের পাশাপাশি চাষিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য অধিদপ্তর।

    নিয়মিত তদারকি: ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং মাছের ভালো ফলন পেতে মৎস্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ প্রদান করবেন।

    রবিবার বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলি মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা মৎস্যজীবী গ্রাম সমিতির প্রকৃত ও নিয়ন্ধিত সদস্যদের এই ঋণ সুবিধা দেওয়া ‌অনুষ্টানে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার,‌বিশেষ অতিথি খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, ‌ডুমুরিয়া উপজেলা‌‌ সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড, মোঃ আশরাফুল কবির উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বিএনপির নেতা এ্যাডভোকেট মমিনুর রহমান নয়ন,‌জি এম আমানুল্লাহ,চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,খুলনা জেলা বিএনপির কৃষক দলের সভাপতি মোঃ কবিরুল ইসলাম,খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, শেখ শাহিনুর রহমান,‌শেখ ফহরাদ হোসেন,সাবেক ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা ‌‌আবরব‌ হোসেন শৈকত,হাফেজ অহিদুজ্জামান, দীপ্তি দাস, মৎস্যজীবী মানিক লাল, স্বপ্না বিশ্বাস প্রমুখ ।।

    ,অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা, মৎস্যজীবী গ্রাম সমিতির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে গোনালী আদের্শ মৎস্যজীবী গ্রাম সমিত‌ও আরাজি সাজিয়াড়া আই তলা আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি ২গুরুপে ৭৪ জন‌ মৎস্যজিবী ৩৪ লক্ষ ৬০হাজার টাকা ‌ঝন প্রদান করেন।

    সার্বিক সঞ্চালনায় ও স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,

     

  • জলঢাকায় পুলিশের বড় সাফল্য : ৩২টি চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক গ্রেপ্তার

    জলঢাকায় পুলিশের বড় সাফল্য : ৩২টি চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক গ্রেপ্তার

    জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

     

     

    নীলফামারীর জলঢাকায় একটি গ্যারেজের গোডাউন থেকে চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১৭ মে) বেলা ৩টার দিকে উপজেলার টেঙ্গনমারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজ মালিক মো. আব্বাস আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত আব্বাস আলী উপজেলার পশ্চিম খুটামারা (মমিনটলি) এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা কুখ্যাত মোটরসাইকেল চোর শাহিনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে এই অভিযান চালানো হয়। শাহিনের দেওয়া তথ্য ও শনাক্ত মতে, জলঢাকা থানা পুলিশের একটি চৌকস দল টেঙ্গনমারী এলাকায় আব্বাস আলীর মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। পরে গ্যারেজের পেছনে অবস্থিত গোডাউন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

    আটক আব্বাস আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত চোর শাহিন ও ফরিদুলসহ একটি সংঘবদ্ধ চোর চক্রের কাছ থেকে নামমাত্র মূল্যে এসব চোরাই মোটরসাইকেল ক্রয় করে আসছিলেন। যদিও তার পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা রয়েছে,

    তবে উদ্ধারকৃত অধিকাংশ মোটরসাইকেলেরই কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

    জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মালিকানা যাচাইয়ের কাজ চলছে। দোকান থেকে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এই চক্রের সাথে আর কে কে জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সদর উপজেলা প্রাঙ্গণে এমপি ডা. কে এম বাবরের নতুন কার্যালয়ের উদ্বোধন

    সদর উপজেলা প্রাঙ্গণে এমপি ডা. কে এম বাবরের নতুন কার্যালয়ের উদ্বোধন

    মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

    গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর–এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব ও সাজ্জাদ হোসেন হীরা। এছাড়া গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন–এর সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এ কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে তাঁদের জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এলাকার বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও জনভোগান্তির বিষয়গুলো সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

    সংসদ সদস্য ডা. কে এম বাবরের কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। জনসেবা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন কার্যালয়ের সার্বিক সফলতা ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • চৌগাছায় স্ব-ঘোষিত ডাক্তার মামুনের দৌরাত্ম

    চৌগাছায় স্ব-ঘোষিত ডাক্তার মামুনের দৌরাত্ম

    কল্যান রায় জয়ন্ত

     

    যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া কড়াইতলা বাজারে (ফায়ার সার্ভিস অফিসের সামনে) মামুন কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে দাঁতের ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসা সংক্রান্ত স্বীকৃত কোন ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে চেম্বার খুলে রোগী দেখছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

     

    সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোরের চৌগাছা থানাধীন কয়ারপাড়া বাজার মোড়ে মামুন ডেন্টাল কেয়ার নামে একটি দন্ত চিকিৎসালয় খুলে মামুন কবির নামে এক ব্যক্তি নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। চিকিৎসক মামুন কবির জাহিদ রানা নামে একজন সহকারীও রেখেছেন চেম্বারে। মহেশপুরের একটি ডেন্টাল ক্লিনিকে কিছুদিন সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি নিজেই চিকিৎসক বনে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই চেম্বার পরিচালনা করলেও বাহ্যিক আচরণ ও প্রচারণায় নিজেকে বড় মাপের ডাক্তার হিসেবে উপস্থাপন করছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের অনূরূপে তৈরি করেছেন ব্যবস্থাপত্র।

     

    স্থানীয় সূত্র জানায়, মামুন কবির নিজেকে অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে আসছেন। তার চেম্বারে দাঁতের এক্স-রে করা থেকে শুরু করে স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্যাপ-ব্রিজসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি রোগীদের ব্যবস্থাপত্রও লিখে দিচ্ছেন তিনি।

     

    স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তার কথাবার্তা ও চেম্বারের পরিবেশ দেখে সাধারণ মানুষেরা বিভ্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। চিকিৎসা নিতে গিয়ে কেউ কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে ভুক্তভোগীদের অনেকে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।

     

    এ বিষয়ে স্ব-ঘোষিত দন্ত চিকিৎসক মামুন কবির’র নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়নি। এইচএসসি পাশ করার পর মহেশপুরের ঢাকা ডেন্টাল কেয়ার থেকে হাতে কলমে কাজ শিখে নিজে চেম্বার করেছি। আমার এখানে যশোর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসে মাঝে মাঝে রোগী দেখেন।

     

    তিনি আরও জানান, যেহুতে আমার কোন স্বীকৃত সনদ নাই। সামনে কোন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নিবো। এবিষয়ে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা চলছে।

     

    এদিকে, ভুয়া দন্ত চিকিৎসক মামুন কবির চৌগাছার একাধিক প্রভাবশালী নেতা এবং যশোরের একটি সাংবাদিক মহলকে দিয়ে সংবাদ প্রকাশ ঠেকাতে দৌড়ঝাঁপ শুরু করছেন। এমনকি সংবাদ প্রকাশ হলে সাংবাদিককে দেখে নেওয়ারও হুমকি প্রদান করেছেন ওই ভুয়া দন্ত চিকিৎসক মামুন কবির।

     

    এ বিষয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমী’র নিকট জানতে চাইলে তিনি জানান, প্রয়োজনীয় ডিগ্রি ও নিবন্ধন ছাড়া চিকিৎসা প্রদান সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

     

    সচেতনমহলের মতে, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান না থাকায় এ ধরনের প্রতারণা বাড়ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষ আরও বেশি প্রতারিত হবেন। এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।

  • দশ মিনিটের বৃষ্টিতেই হাঁটুপানি, দুর্ভোগে ইসলামপুর বেলবাড়ি গ্রামের মানুষ

    দশ মিনিটের বৃষ্টিতেই হাঁটুপানি, দুর্ভোগে ইসলামপুর বেলবাড়ি গ্রামের মানুষ

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    ১৭ মে ২০২৬

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বেলবাড়ি গ্রামে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। মাত্র দশ মিনিটের বৃষ্টিতেই গ্রামের রাস্তাটি ও বসতবাড়ির চারপাশ হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

    এলাকাবাসীর অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় জনপ্রতিনিধি মরহুম মোঃ মাহবুবুর রহমান পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও আজ পর্যন্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে ৩নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

    স্থানীয়রা জানান, বৃষ্টির সময় শিশু, নারী ও বয়স্কদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। নোংরা পানির কারণে বাড়ছে বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকিও। পানি জমে থাকায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    গ্রামবাসীর ভাষ্য, মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও অবকাঠামো উন্নয়নের কাজ চললেও ইসলামপুর বেলবাড়ি গ্রামের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বছরের পর বছর অবহেলা ও দুর্ভোগের মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের।

    এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মিঠাপুকুর উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

    স্থানীয় সচেতন মহল মনে করছে, জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা ও দীর্ঘদিনের অবহেলার কারণেই সাধারণ মানুষকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • দুর্গাপুর ইউনিয়নে বেহাল সড়কে চরম দুর্ভোগ  সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

    দুর্গাপুর ইউনিয়নে বেহাল সড়কে চরম দুর্ভোগ সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    ১৭ মে ২০২৬

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে আল ফারুক ইনস্টিটিউট থেকে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদায় পরিণত হওয়ায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

    এলাকাবাসী জানান, বিষয়টি ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।

    স্থানীয় সচেতন মহল দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।